পাড়ার কুকুর অসুস্থ হয়ে পড়েছে। গাড়ি ভাড়া করে তাকে পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার সার্মথ্য নেই। তাই এক তরুণ সাইকেলকেই অ্যাম্বুল্যান্সে পরিণত করলেন। সিটের সামনে থাকা রডে কুকুরটিকে বেঁধে নিয়ে গেলেন চিকিৎসার জন্য। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাইকেলের সামনের লোহার রডে ঝোলানো একটি বড় আকৃতির সাদা রঙের প্লাস্টিক। তার মধ্যে লক্ষ্মীছানার মতো বসে রয়েছে একটি অসুস্থ কুকুর। সারমেয়টির চোখেমুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। সেই সাইকেলটি হয়েছে তার অ্যাম্বুল্যান্স আর প্লাস্টিকটি স্ট্রেচার। এক তরুণ দায়িত্ব নিয়েছেন তাকে সুস্থ করে তোলার। সেই তরুণ মন দিয়ে সাইকেলের সঙ্গে প্লাস্টিক-সহ কুকুরটিকে দড়ি দিয়ে বেঁধে চলেছেন, যাতে সে যাত্রাপথে পড়ে গিয়ে আঘাত না পায়। কুকুরটিও চোখ বন্ধ করে তরুণকে তাঁর কাজ করতে দিচ্ছে। পাশ থেকে অপর এক তরুণ এসে কুকুর বাঁধার কাজে তরুণকে সাহায্য করলেন। তার পর তরুণ কুকুর-সহ সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়লেন গন্তব্যের উদ্দেশে। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মুম্বই পুলিশের ইন্সপেক্টর সুধীর কুডালকার তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দশ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। বহু নেটাগরিক ভিডিয়োটির মন্তব্যবাক্সে কুকুরটির চিকিৎসায় সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন।