Advertisement
E-Paper

লন্ডনে জানালার কার্নিশে ন’মিনিট ঝুলে শিশু! ক্যাচ লুফে প্রাণ বাঁচালেন ভারতীয় যুবক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যম ‘দ্য মেট্রো’-র প্রতিবেদন অনুযায়ী, শিশুটিকে ফ্ল্যাটের জানালার সঙ্গে মরিয়া হয়ে ঝুলে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। সাহায্যের জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এক পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দা মহম্মদ জেসিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৪:৪০
Indian Man Saves child falling from Window Ledge in London, internet praises

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারসাম্য হারিয়ে পূর্ব লন্ডনের একটি উঁচু বাড়ির জানালার কার্নিশ থেকে বিপজ্জনক ভাবে ঝুলছিল তিন বছর বয়সি শিশুকন্যা। প্রায় ন’মিনিট ও রকম বিপজ্জনক ভাবে ঝুলে থাকার পর উদ্ধার করলেন এক ভারতীয় যুবক। নীচে দাঁড়িয়ে এক প্রকার ক্যাচ লুফলেন শিশুটিকে। মঙ্গলবার বিকালে লন্ডনের ইলফোর্ড হাই রোডের একটি ভবনে নাটকীয় ঘটনাটি ঘটে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যম ‘দ্য মেট্রো’-র প্রতিবেদন অনুযায়ী, শিশুটিকে ফ্ল্যাটের জানালার সঙ্গে মরিয়া হয়ে ঝুলে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। সাহায্যের জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এক পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দা মহম্মদ জেসিল। পাঁচ মাস বয়সি যমজ সন্তানের বাবা জেসিল ‘দ্য মেট্রো’কে জানান, শিশুটিকে বিপদে পড়তে দেখে এক জন বাবা হিসাবে তিনি কেবল সহজাত তাগিদ থেকেই তাৎক্ষণিক পদক্ষেপ করেছিলেন।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, শিশুটির হাতের বাঁধন যখন আলগা হয়ে আসছিল, তখন এক পথচারী সাহায্যের জন্য একটি মই নিয়ে এগিয়ে আসেন। এর পর শিশুটি কার্নিশ থেকে নীচে পড়ে গেলেও জেসিল তাকে নিরাপদে লুফে নিতে সক্ষম হন। হইহই করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ওই পুলিশকর্মীও অভিনন্দন জানান জেসিলকে। বিনয়ী স্বভাবের রেস্তরাঁ ম্যানেজার জেসিল ‘দ্য মেট্রো’কে জানিয়েছেন, ভারতে ক্রিকেট খেলার অভিজ্ঞতা তাঁকে মনোযোগী হতে এবং শিশুটিকে লুফে নিতে সহায়তা করেছিল।

সৌভাগ্যবশত এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শিশুটি কোনও রকম আঘাত পায়নি। তার কৃতজ্ঞ বাবা পুলিশ কর্মকর্তা এবং জেসিলকে ‘অসাধারণ বীর’ হিসাবে অভিহিত করেন। তিনি আরও জানিয়েছেন যে, তাঁর কন্যা এখন সুস্থ আছে এবং স্কুলে ফিরে গিয়েছে।

পুরো ঘটনাটির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডাইক ক্লিনটন চিসম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ভারতীয় যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।

Viral Video London
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy