Advertisement
E-Paper

বিয়ের অনুষ্ঠানের মাঝে ধস নামল পাহাড়ে! বর-কনেকে ‘প্রকৃতির ইঙ্গিত’ বোঝার পরামর্শ দিল নেটপাড়া! ভাইরাল ভিডিয়ো

পিছনের পাহাড় থেকে খসে পড়তে লাগল পাথরের চাঁই। যদিও তা কারও ক্ষতির কারণ হল না। হয়ে উঠল বিস্ময়ের কারণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৭:৫৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সামনে চলছে বিয়ে। ঠিক সেই মুহূর্তেই প্রকৃতির এক অবিস্মরণীয় রূপ ধরা পড়ল ক্যামেরার লেন্সে। পিছনের পাহাড় থেকে খসে পড়তে লাগল পাথরের চাঁই। যদিও তা কারও ক্ষতির কারণ হল না। হয়ে উঠল বিস্ময়ের কারণ। নিমেষে পাহাড়টির এক অংশ মেটে রঙের ধুলোয় ঢেকে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে ক্যালিফর্নিয়ার মোজাভে মরুভূমিতে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নিস্তব্ধ মরুভূমিতে কনে এবং বরের বেশে দাঁড়িয়ে রয়েছেন তরুণ-তরুণী। তাঁদের সাজ দেখে মনে হচ্ছে খ্রিস্টীয় মতে বিয়ে হচ্ছে। কনের পাশে বেগনি রঙের জামা পরে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে রয়েছেন নিতকনে। কপোত-কপোতীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ফাদার। চলছে বিয়ের অনুষ্ঠান। তার মাঝেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। পিছনের পাহাড়ে নামল ধস। সেখান থেকে খসে পড়ল পাথরের চাঁই। প্রকৃতির বিস্ময়ের সাক্ষী থেকে বিয়ের কথা ভুলে গেলেন সকলে। তরুণ-তরুণীও একদৃষ্টে দেখতে থাকলেন প্রকৃতির রূপ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। বিয়ের ছবি তুলতে আসা ছবিশিকারি লুইস ভারদেজ়ের ক্যামেরাতেই লেন্সবন্দি হয়েছে সেই বিরল দৃশ্য।

‘এবিসি নিউজ়’ তাদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৭২ হাজার নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক ঘটনাটিকে ‘সত্যিকারের ভালবাসার নিদর্শন’ বলে জানিয়েছেন।

Viral Video California Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy