লোকসভায় আটকে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল। তা নিয়ে মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভারতের নাগরিকদের উদ্দেশে জানিয়েছিলেন, বিল পাশ আটকে গেলেও মহিলা সংরক্ষণের কাজ থেমে থাকবে না। ‘গুরু’র দেখানো পথে রাস্তায় বেরিয়েছিলেন ‘শিষ্য’। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী গিরীশ মহাজন মহিলা সংরক্ষণ বিল নিয়েই মঙ্গলবার একটি মিছিল বার করেছিলেন মুম্বইয়ের রাস্তায়। রাস্তা জুড়ে মিছিল করার ফলে ভোগান্তির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি নিয়ে যানজটের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। সেই কারণে মেজাজ হারান এক তরুণী। সোজা গিয়ে মন্ত্রীর মুখের উপর বলে বসেন রাস্তা দ্রুত ফাঁকা করতে। সেই সময় গিরীশ মহাজন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। সেই ঘটনার ভিডিয়োই ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সূত্রের খবর, মহাযুতি জোটের তরফে মিছিলটির আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেল ৫টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। প্রচুর মহিলা তাতে অংশগ্রহণ করেছিলেন। মিছিলের পথ ঠিক করা হয়েছিল মুম্বইয়ের ওরলির জাম্ভোরি ময়দান থেকে ডোম পর্যন্ত। সঠিক সময়ে মিছিল শুরু না হওয়ায় এবং জাম্ভোরি ময়দানের মতো জনবহুল স্থানে অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকায় যানজট বেড়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী হন্তদন্ত হয়ে এসে মন্ত্রী গিরীশ মহাজনের সামনে দাঁড়ালেন। তার পর উচ্চস্বরে তাঁকে সেখান থেকে সরে যেতে বললেন। মিছিলের জন্য হওয়া যানজট এবং ভোগান্তি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। তরুণী জানালেন যে তিনি স্কুল থেকে সন্তানকে আনতে গিয়েছিলেন। কিন্তু বিগত কয়েক ঘণ্টা ধরে তিনি জাম্ভোরি ময়দানের রাস্তাতেই সন্তানকে গাড়িতে বসে রয়েছেন। মিছিলের জন্য এগোতে পারছেন না। সেই সময় গিরীশ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তরুণীর আচরণে তিনি হতবাক হয়ে যান। তবে মুখের হাবভাব স্বাভাবিক রেখেই হাত তুলে তরুণীকে আশ্বাস দেন যে মিছিল শীঘ্রই সরে যাবে। কিন্তু তরুণী তাতেও শান্ত হন না। তখন পুলিশকর্মীরা তাঁকে থামানোর জন্য এগিয়ে আসেন। কিন্তু তাঁদের সঙ্গে কথা বলতে রাজি হননি তরুণী। উল্টে তাঁদের উপরও চিৎকার করতে শুরু করেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নিউজ়.সামারি_’ নামের ইনস্টাগ্রাম অক্যাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে নানা মন্তব্য করেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা তরুণীকে সাধারণ মানুষের সমস্যা নিয়ে সোচ্চার হওয়ার জন্য অভিবাদন জানিয়েছেন।