Advertisement

তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর হুগলির গোঘাটে! জখম মিতালি বাগ চিকিৎসাধীন হাসপাতালে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

সমাজমাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা জানিয়েছেন মিতালি। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৩২
Car of Arambagh TMC MP Mitali Bag allegedly attacked by BJP

হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা। ছবি: সংগৃহীত।

হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা দাবি করেছেন, ‘‘প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। সেই সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। হাসপাতালে ২০ জন ভর্তি। মোট ৫০ জন আহত। বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি চাপা দেওয়ার জন্য মিতালি বাগ নাটক করছেন।’’

সোমবার মিতালি যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে। সেই সময় তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সমাজমাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা জানিয়েছেন মিতালি। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল সাংসদ প্রায় কাঁদো কাঁদো স্বরে বলেন, ‘‘দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন এক জন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।’’

Advertisement

মিতালির আরও অভিযোগ, গোটা গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে। গায়ে কাচের টুকরো লেগেছে। পুরো গাড়িটাকে ভেঙেছে। যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় হয়েছে, সেখানে তাঁদের গাড়ি দাঁড় করিয়ে লাঠি, বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে। তাঁর কথায়, ‘‘গোঘাট, আরামবাগের মানুষকে বলব, আপনারা দেখতে পাচ্ছেন, কী ভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। যে ভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে, মা-বোনেদের অনুরোধ আপনারা একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে প্রমাণ করুন যে, মা-মাটি-মানুষের দল পিছোতে জানে না। তৃণমূল হার মানতে জানে না।’’

এর পরই তৃণমূল সাংসদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গিয়েছ তৃণমূলের সমস্ত নেতা-কর্মীকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার গোটা শরীরে কাচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এ ভাবে গোঘাট, আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে।’’ কেন গাড়িতে হামলা চালানো হল, বার বার সেই প্রশ্ন তুলে কমিশনকে আক্রমণ করেন মিতালি। গাড়িতে যেতে যেতেই তিনি লাইভ স্ট্রিমিং করেন। তৃণমূল সাংসদ বলেন, ‘‘আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল।’’ তিনি হুঁশিয়ারি দেন, তৃণমূল কোনও ভাবেই হার মানবে না। এর পরই তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘‘নির্বাচন কমিশন তুমি কি দেখতে পাচ্ছ, কী ভাবে এক জন মহিলার উপর নির্যাতন করা হল। নির্বাচন কমিশন তোমাদের এর জবাবদিহি করতে হবে।’’

Mitali Bag TMC MP Attacked
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy