Advertisement
E-Paper

প্রচারে বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রতীকের কাট আউট বইছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান! বাঁকুড়ার ভাইরাল ছবি ঘিরে তুমুল শোরগোল

কেন্দ্রীয় বাহিনীর এক জাওয়ানকে প্রচারের কাজে ব্যবহার করার জন্য নিন্দার মুখে পড়েছেন বাঁকুড়ার বিজেপির প্রার্থী নিলাদ্রী শেখর দানা এবং তাঁর দল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০২:৩১
বাঁকুড়ায় প্রচারে বিজেপি প্রার্থীর দলীয় প্রতীকের কাট আউট বইছেন তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান!

বাঁকুড়ায় প্রচারে বিজেপি প্রার্থীর দলীয় প্রতীকের কাট আউট বইছেন তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান! —নিজস্ব চিত্র।

রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই শাসক ও বিরোধী শিবির প্রার্থী তালিকার একটা বড় অংশ ঘোষণা করে দিয়েছে। জোরকদমে শুরু হয়েছে প্রচারও। এরই মধ্যে দেখা গেল বাঁকুড়ায় প্রচারে বিজেপি প্রার্থীর দলীয় প্রতীকের কাট আউট বইছেন তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এমন ছবি ও ভিড়িয়ো ঘিরে তুমুল শোরগোল বাঁকুড়ার রাজনীতিতে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। চরম বিতর্কের মুখে পড়েছেন বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা। ওই প্রার্থীর প্রার্থীপদ খারিজের দাবিতে সরব হয়েছে তৃণমূল।

এ রাজ্যের পুলিশকে বারবার দলীয় কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের মুখে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারবার কমিশনের কাছে নালিশ করতেও দেখা গিয়েছে বিজেপিকে। নির্বাচনে রাজ্য পুলিশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার ব্যপারে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশনও। এ বার কেন্দ্রীয় বাহিনীর এক জাওয়ানকে প্রচারের কাজে ব্যবহার করার জন্য নিন্দার মুখে পড়েছেন বাঁকুড়ার বিজেপির প্রার্থী এবং দল। ভোটের আগে রাজ্যের প্রায় সর্বত্রই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এ বার সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও উঠল অভিযোগ। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে দিয়ে দলীয় প্রতীকের কাট আউট কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রীর বিরুদ্ধেও।

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে চড়ে বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রী একটি গ্রামে প্রচারে গিয়েছেন। গ্রামে পৌঁছে গাড়ি থেকে নামার পর তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। আর তার পরেই কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান গাড়ির পিছন থেকে পদ্মফুলের বেশ কিছু কাট আউট বার করে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের দিকে এগিয়ে দিচ্ছেন। মূহুর্তের মধ্যে গোটা ঘটনার ভিডিয়ো সমাাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিয়োকে সামনে রেখে বিজেপি প্রার্থীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনার পাশাপাশি বিজেপির ওই প্রার্থীর প্রার্থীপদ খারিজের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব।

তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন, “দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করে কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনীকে দলীয় কাজে বিজেপির ওই প্রার্থী যে ভাবে ব্যবহার করেছেন, তা নিয়ে নিন্দার ভাষা নেই। নির্বাচন কমিশন এখন অন্ধ হয়ে গিয়েছে। আমরা ওই প্রার্থীর প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছি।”

যাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে দলীয় কাজে ব্যবহারের অভিযোগ, বাঁকুড়ার সেই বিজেপি প্রার্থী নিলাদ্রীর ব্যাখ্যা, “পদ্মফুল দিয়ে দেবী দূর্গার আরাধনা হয়। তাই সবার হাতেই পদ্মফুল থাকবে। যাঁরা হাতে এখনও পদ্মফুল তুলে নেননি, তাঁরা দেশবিরোধী ও ঈশ্বরবিরোধী।”

West Bengal Assembly Election BJP Candidate BJP bankura Election Campaign
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy