Advertisement
E-Paper

ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে অস্বীকার, ব্যর্থ যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতেও! প্রাক্তন উইম্বলডন জয়ী ভন্দ্রোসোভা চার বছর নিলম্বিত

গত ৩ ডিসেম্বর রাতে মার্কেটা ভন্দ্রোসোভার বাড়িতে নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন ডোপিং কন্ট্রোল অফিসার। তখন কোনও প্রতিযোগিতায় খেলছিলেন না বিশ্বের প্রাক্তন ছয় নম্বর। কিন্তু নমুনা দিতে অস্বীকার করেন ভন্দ্রোসোভা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২০:২৮
Picture of Tennis

মার্কেটা ভন্দ্রোসোভা। ছবি: এক্স।

চার বছরের জন্য নিলম্বিত (সাসপেন্ড) হলেন মার্কেটা ভন্দ্রোসোভা। প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন ডোপ পরীক্ষা দিতে অস্বীকার করেন। তাই শাস্তি হিসাবে চার বছরের জন্য নিলম্বিত করা হয়েছে তাঁকে। শাস্তির মেয়াদ শেষ হবে ২০৩০ সালের ২১ জুন।

২০২৩ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন ভন্দ্রোসোভা। চেকিয়ার ২৬ বছরের টেনিস খেলোয়াড় ২০১৯ সালে ফরাসি ওপেনের ফাইনালেও উঠেছিলেন। টোকিয়ো অলিম্পিক্সে পান রুপো। নির্ধারিত সূচি অনুযায়ী, গত ৩ ডিসেম্বর রাত ৮টায় ভন্দ্রোসোভার বাড়িতে নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন ডোপিং কন্ট্রোল অফিসার। সে সময় কোনও প্রতিযোগিতায় খেলছিলেন না বিশ্বের প্রাক্তন ছয় নম্বর। তাই আলাদা করে ডোপ পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে নিজের নমুনা দিতে রাজি হননি ভন্দ্রোসোভা।

নিয়ম না মানায় গত ফেব্রুয়ারিতে ভন্দ্রোসোভার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)। শুনানিতে মানসিক অস্থিরতা এবং চাপের কথা জানান ভন্দ্রোসোভা। চিকিৎসার নথিও দেন। তবে এই কারণে নমুনা দিতে না পারার যুক্তি গ্রহণযোগ্য মনে করেনি আইটিআইএ। কারণ চোটের জন্য গত জানুয়ারি থেকে কোর্টের বাইরে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়।

জবাবে ভন্দ্রোসোভা বলেছিলেন, ‘‘আমি কখনও নিষিদ্ধ ওষুধ খাইনি। কোনও দিন ডোপ পরীক্ষায় ব্যর্থ হইনি। গোটা টেনিসজীবনে অত্যন্ত সতর্ক এবং সচেতন থেকেছি। শুনানিতে সব প্রশ্নের উত্তর দিয়েছি। নমুনা না দেওয়ার কারণ তথ্য-সহ জানিয়েছি। আমার পক্ষে যত রকম ভাবে সাহায্য করা সম্ভব ছিল করেছি।’’

তবু শাস্তি পেতে হল ভন্দ্রোসোভাকে। মানসিক স্বাস্থ্যের কারণে বাড়ি থেকে ডোপিং কন্ট্রোল অফিসারকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার যুক্তি মানতে রাজি হয়নি আইটিআইএ। তা-ও ওই প্রতিনিধি গিয়েছিলেন পূর্ব নির্ধারিত দিনে। ডোপ পরীক্ষার জন্য নমুনা না দেওয়া এবং তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে না পারায় শাস্তি পেতে হল ভন্দ্রোসোভাকে। শাস্তি চলাকালীন তিনি খেলতে, কোচিং করাতে পারবেন না। কোনও স্বীকৃত আন্তর্জাতিক প্রতিযোগিতায় উপস্থিতও থাকতে পারবেন না।

Marketa Vondrousova Tennis Dope Test suspend CZECH REPUBLIC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy