Advertisement
E-Paper

৬০ লক্ষাধিক বিবেচনাধীনের এক তৃতীয়াংশের বেশি নিষ্পত্তি হয়ে গিয়েছে, ২০ লক্ষ ভোটারের ‘ফলপ্রকাশ’ এ সপ্তাহেই

অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল কলকাতা হাই কোর্ট। বৈঠকে ছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এবং বিশেষ পর্যবেক্ষক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:৫৫
Election Commission may release supplementary voter list this week

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

চলতি সপ্তাহেই অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মীমাংসা হওয়া ২০ লক্ষ ভোটারের কাদের নাম ভোটার তালিকায় রইল এবং কাদের নাম তালিকা থেকে বাদ পড়ল তা প্রকাশ করা হবে। এ ছাড়াও, সুপ্রিম কোর্টের নির্দেশমতো ট্রাইবুনাল গঠনের বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী দু’-তিন দিনের মধ্যে ট্রাইবুনাল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের ভাগ্য নির্ধারণ করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। ওই ভোটারদের তথ্য যাচাই করে বিচারকেরা ঠিক করবেন, কারা যোগ্য ভোটার আর কাদের নাম বাদ পড়বে। সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত ২১ লক্ষের বেশি ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে। তবে প্রথম অতিরিক্ত তালিকায় জানা যাবে ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ।

অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল কলকাতা হাই কোর্ট। বৈঠকে ছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সূত্রের খবর, আগামী শুক্র এবং শনিবার প্রকাশ হতে পারে ওই অতিরিক্ত তালিকা। ‘বিবেচনাধীন’ যাঁদের নাম ওই তালিকা থেকে বাদ পড়বে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই ট্রাইবুনাল গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তা-ই নয়, ট্রাইবুনালে কারা থাকবেন, তা-ও চূড়ান্ত হতে পারে বলেই খবর।

সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের তথ্যগত অসঙ্গতির বিষয়টি বিবেচনা করছেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। শুধু পশ্চিমবঙ্গের নয়, ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদেরও এ কাজে নিযুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ৭০৫ জন বিচারক ‘বিবেচনাধীন’ তালিকার নিষ্পত্তির কাজ করছেন। সূত্রের খবর, ভোটের আগে একাধিক অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। তার মধ্যে প্রথম তালিকা কবে প্রকাশ হতে পারে, তার আভাস মিলল মঙ্গলবার।

‘বিবেচনাধীন’ তালিকায় থাকা বাকি ভোটারদের তথ্য যাচাই করে নিষ্পত্তির জন্য আরও কয়েক দিন সময় পাবেন বিচারকেরা। কমিশন সূত্রে খবর, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ‘বিবেচনাধীন’ ভোটারদের নিষ্পত্তির তালিকায় যাঁরা যোগ্য বলে গণ্য হবেন, তাঁরা সকলেই ভোট দিতে পারবেন। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দু’দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় যাঁরা প্রার্থী হবেন, তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। আর দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। অর্থাৎ, প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নিষ্পত্তি হওয়া যোগ্য ভোটারেরা ভোট দিতে পারবেন।

SIR Voter List
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy