ভোটদানের ছবি-ভিডিয়ো তুলে পোস্ট, কড়া পদক্ষেপ করবে কমিশন

এ বার অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা শোনা গিয়েছে নাগরিকদের বড় অংশের মুখে। কড়া নিরাপত্তার অঙ্গ হিসাবে এ বার ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ বন্ধ করেছিল কমিশন।

নীলোৎপল বিশ্বাস

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৮:৩১

— প্রতীকী চিত্র।

অনুপ্রবেশ থেকে যুদ্ধ, নায়কের মৃত্যু থেকে ভোট— ছবি, ভিডিয়ো সহযোগে সমাজমাধ্যমে মতামতের ভিড় স্বাভাবিক ঘটনা। কিন্তু ভোটবঙ্গে সেই স্বাভাবিক ঘটনাতেই যুক্ত হল নিয়ম-ভঙ্গের অভিযোগ। সমস্ত বিধি উড়িয়ে দ্বিতীয় দফার ভোটদানের ছবি, ভিডিয়ো সরাসরি পোস্ট করা হল সমাজমাধ্যমে। কেউ ভোটদানের সেই ভিডিয়োর সঙ্গে কোনও রাজনৈতিক দলের স্লোগান লিখলেন, কেউ আবার যাঁকে ভোট দিয়েছেন, লিখলেন সেই প্রার্থীর নাম। যা নিয়ে ভোটবঙ্গে নতুন করে রাজনৈতিক চাপান-উতোর শুরু হল। সব পক্ষই বিষয়টির নিন্দা করে দায় চাপিয়েছে নির্বাচন কমিশনের উপরে। কমিশন অবশ্য বুথের দায়িত্বপ্রাপ্তদের উপরে দায় চাপিয়ে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।

এ বার অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা শোনা গিয়েছে নাগরিকদের বড় অংশের মুখে। কড়া নিরাপত্তার অঙ্গ হিসাবে এ বার ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ বন্ধ করেছিল কমিশন। ভোটারেরা যাতে ভোটকেন্দ্রের বাইরে মোবাইল রেখে ভোট দিতে যেতে পারেন, তার জন্য ফোন রাখার আলাদা ব্যবস্থাও করেছিল তারা। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, মোবাইল সঙ্গে নিয়েই দেদার ভোট হয়েছে। সরাসরি ভোটদানের ছবি, ভিডিয়ো সমাজমাধ্যমে চলে আসার পরে কমিশনের সমালোচনা করে অনেকেই আবার লিখছেন, ‘আদতে সবই বজ্র আঁটুনি, ফস্কা গেরো। যেখানে যেমন প্রয়োজন, তেমন ভোট করানো হয়েছে’।

বিতর্কের শুরু বুধবার, দ্বিতীয় ও শেষ দফার ভোট চলাকালীনই। সমাজমাধ্যমের একাধিক অ্যাকাউন্ট থেকে সরাসরি ভোটদানের সময়ের ছবি, ভিডিয়ো পোস্ট করা শুরু হয়। সেই সব ভিডিয়োয় দেখা যায়, ভোটদান কক্ষে (‘ভোটিং কম্পার্টমেন্ট’) গিয়ে ভোটার কোন বোতাম চাপলেন, সেই দৃশ্যও। এর পরে ক্যামেরা ধরে পাশের ‘ভিভিপ্যাট মেশিন’-এর দৃশ্য। যেখানে ভেসে ওঠে, যে প্রার্থীকে সংশ্লিষ্ট ভোটার ভোট দিয়েছেন, তাঁর নাম এবং প্রতীক-সহ ওঠা স্লিপের (যা সাধারণত ভোটদান নিশ্চিত করার জন্য দেখানো হয়) ছবি। এই সব পোস্টের নীচের কমেন্ট বক্সও এমন ভোটদানের ভিডিয়ো ও ছবিতে ভরে উঠতে দেখা যায়।

ভোট চলাকালীনই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে দরবার করা হয়েছে বলে দাবি করে সব রাজনৈতিক দল। বাম এবং বিজেপি এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে বলেও খবর। এমন ভোটের জেরে বেশ কিছু কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিও জানানো হয়েছে রাজনৈতিক দলগুলির তরফে।

এ ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানান, এই রকম ছবি বা ভিডিয়ো করার অভিযোগ তাঁদের কাছেও পৌঁছেছে। তিনি বলেন, ‘‘প্রতিটি ঘটনা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সে সময়ে যাঁরা বুথের দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।‌’’

নির্বাচন কমিশন সূত্রের খবর, সমাজমাধ্যমে তাদের তরফে আলাদা ভাবে নজরদারি চালানো হচ্ছে। ফলে, যে সমস্ত সমাজমাধ্যম প্রোফাইল থেকে এমন ছবি বা ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেগুলিকে আলাদা করে চিহ্নিত করা কঠিন নয়। এমন অ্যাকাউন্টের ব্যবহারকারীকে ভোটারদের প্রভাবিত করার অপরাধে অভিযুক্ত করে পদক্ষেপ করা হতে পারে বলেও সূত্রের খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Voting Election Commission of India Social Media Post

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy