Advertisement
E-Paper

ভোটের আগে কলকাতায় অস্ত্র উদ্ধার! স্ট্র্যান্ড রোডে বিহারের নাবালকের কাছে মিলল তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, দু’টি পিস্তলও

নির্বাচনের মুখে গত রবিবারই কলকাতার টালিগঞ্জে একটি গাড়ি থেকে নগদ লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। মঙ্গলবার নাকা তল্লাশি চলাকালীন এক দিনে চার পৃথক ঘটনায় ৫৭ লক্ষ টাকারও বেশি উদ্ধার করে পুলিশ। এ বার কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্রও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৮:০৬
কলকাতায় স্ট্র্যান্ড রোড থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ।

কলকাতায় স্ট্র্যান্ড রোড থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ। — নিজস্ব চিত্র।

ভোটের আগে এ বার অস্ত্র উদ্ধার হল কলকাতায়। বুধবার দুপুরে কলকাতায় স্ট্র্যান্ড রোডে বিহারের বাসিন্দা এক নাবালকের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এর মধ্যে দু’টি সাত এমএম পিস্তলও রয়েছে। পাওয়া গিয়েছে ৪০টি কার্তুজ। ১৭ বছর বয়সি নাবালকের বাড়ি বিহারের নালন্দা জেলায়। কী কারণে নাবালক ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে ঘুরছিল, সে বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে কলকাতা পুলিশের এসটিএফ।

গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই খবর পেয়েই বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোড চত্বরে হানা দেয় পুলিশের এসটিএফ। সেখানে রাস্তার ধারের ফুটপাথে একটি সুলভ শৌচালয়ের কাছে কিশোরকে আটকায় পুলিশ। তাকে তল্লাশির সময়ে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র এবং সাত এমএম-এর দু’টি পিস্তল। সেগুলির সঙ্গে চারটি ম্যাগাজ়িনও পাওয়া গিয়েছে। মিলেছে আট এমএম-এর ১৮টি কার্তুজ এবং ৭.৬৫ এমএম-এর ২২টি কার্তুজ। ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন আধিকারিকেরা।

পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর সেগুলির বিষয়ে কিশোরের কাছে জানতে চায় পুলিশ। কোথা থেকে সেগুলি তার কাছে এল, সে বিষয়ে প্রশ্ন করেন আধিকারিকেরা। তবে সন্তোষজনক কোনও উত্তর মেলেনি। একসঙ্গে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন এসটিএফ-এর আধিকারিকেরা। বস্তুত, এর আগেও পশ্চিমবঙ্গে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে বিহার-যোগের কথা উঠে এসেছে। বিহারের বেআইনি অস্ত্র তৈরির কারখানায় অতীতে হানাও দিয়েছিল এ রাজ্যে পুলিশ। বুধবারের উদ্ধার হওয়া অস্ত্রগুলির উৎস কী, সে বিষয়ে তথ্যতালাশ শুরু করেছে পুলিশ।

Advertisement

নির্বাচনের মুখে গত রবিবারই কলকাতার টালিগঞ্জে একটি গাড়ি থেকে নগদ লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। মঙ্গলবার নাকা তল্লাশি চলাকালীন এক দিনে চার পৃথক ঘটনায় ৫৭ লক্ষ টাকারও বেশি উদ্ধার করে পুলিশ। এ বার কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্রও। সেগুলি কী উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল, কাউকে হস্তান্তরের পরিকল্পনা ছিল কি না, সেগুলি খতিয়ে দেখছেন আধিকারিকেরা।

Kolkata Police STF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy