Advertisement
E-Paper

১৯২ আসনের প্রার্থিতালিকা ঘোষণা বামফ্রন্টের, লড়ছেন দীপ্সিতা এবং বিকাশ! নিহত তমন্নার মা প্রার্থী কালীগঞ্জে

এ বার দু’দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল ১৪২ আসনে। গণনা হবে আগামী ৪ মে, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরির সঙ্গেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৬:৩৯
CPM declared first candidate list for West Bengal Assembly Election 2004

(বাঁ দিক থেকে) দীপ্সিতা ধর, বিমান বসু এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্যে বিধানসভা ভোটে ২৯৪ টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করল বামফ্রন্ট। ২০২১ সালের বিধানসভা ভোটে নতুন প্রজন্মের বহু প্রার্থী দেওয়া হলেও এ বার নবীন-প্রবীণ সমন্বয়ের প্রয়াস দেখা গিয়েছে তালিকায়।

বামফ্রন্টের তালিকায় উল্লেখযোগ্য নাম সাবিনা ইয়াসমিন। তিনি ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন-পরবর্তী হিংসায় নিহত স্কুলছাত্রী তমন্নার মা। কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর ( দমদম উত্তর) রয়েছেন তালিকায়। রয়েছেন নতুন প্রজন্মের মিনাক্ষী মুখোপাধ্যায় (উত্তরপাড়া), কলতান দাশগুপ্ত (পানিহাটি), সায়ন বন্দ্যোপাধ্যায় (মহেশতলা), সপ্তর্ষি দেবের (রাজারহাট-নিউটাউন) মতো প্রার্থীরা।

ঘটনাচক্রে, আরজি কর আন্দোলনের সময় গ্রেফতার হওয়া কলতানকে যে পানিহাটিতে প্রার্থী করা হয়েছে, সেখানেই নিহত নির্যাতিতা চিকিৎসকের বাড়়ি। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষির পাশাপাশি তাঁর ভ্রাতুষ্পুত্র ময়ূখ বিশ্বাসকেও (দমদম) প্রার্থী করেছে বামেরা। উত্তর ২৪ পরগানার আর এক কেন্দ্র বরাহনগরে লড়বেন নতুন প্রজন্মের আর এক মুখ সায়নদীপ মিত্র। একদা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র রায়দিঘিতে এ বার সিপিএমের প্রার্থী তাঁর পুত্র সাম্য।

পুরনো মুখ এবং প্রাক্তন বিধায়কদের মধ্যে উল্লেখযোগ্য নাম মানস মুখোপাধ্যায় (কামারহাটি), অম্বর মিত্র (ইংরেজবাজার), সুজিত চক্রবর্তী (বড়জোড়া), দেবলীনা হেমব্রম (রানিবাঁধ) এবং আমজাদ হোসেন (পান্ডুয়া)। প্রসঙ্গত, এ বার দু’দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ১৪২ আসনে। গণনা হবে আগামী ৪ মে, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরির সঙ্গেই।

CPM Candidate List Biman Bose CPM West Bengal Assembly Election 2026 Md Salim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy