Advertisement
E-Paper

বিধানসভা নির্বাচনের আবহে নবান্নে বড়সড় রদবদল শীর্ষ আধিকারিকদের, একযোগে বহু আমলার দায়িত্বে পরিবর্তন

বৃহস্পতিবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। বৃহস্পতিবার জারি হওয়া ওই নির্দেশিকায় রাজ্যপালের নির্দেশানুসারে সই করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১১:১০
নবান্নে রদবদল।

নবান্নে রদবদল।

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। একযোগে বেশ কিছু শীর্ষ আইএএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে এই মর্মে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। বৃহস্পতিবার জারি হওয়া ওই নির্দেশিকায় রাজ্যপালের নির্দেশানুসারে সই করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে।

নির্দেশিকায় একাধিক বর্ষীয়ান আমলাকে নতুন দফতরের দায়িত্ব দেওয়ার পাশাপাশি অনেককে তাঁদের বর্তমান পদের সঙ্গে অতিরিক্ত দায়িত্বভার অর্পণ করা হয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রশাসনিক স্বার্থেই এই রদবদল করা হয়েছে এবং এর লক্ষ্য প্রশাসনিক কাজকর্মে আরও গতি ও সমন্বয় আনা।

রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের কমিশনার পদে আনা হয়েছে নতুন মুখ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০২ ব্যাচের আইএএস অবনীন্দ্র সিংহকে বর্ধমান বিভাগের ডিভিশনাল কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি শ্রম দফতরের সচিব ছিলেন। ১৯৯৩ ব্যাচের আইএএস অনুপকুমার আগরওয়ালকে জলপাইগুড়ি বিভাগের কমিশনার করা হয়েছে। তিনি এত দিন কারিগরি শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। পাশাপাশি ১৯৯৭ ব্যাচের আইএএস সুরেন্দ্র গুপ্তকে প্রেসিডেন্সি বিভাগের ডিভিশনাল কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

প্রশাসনিক মহলের মতে, জেলাস্তরের কাজকর্মে গতি আনতেই এই তিন অভিজ্ঞ আধিকারিককে ডিভিশনাল স্তরে পাঠানো হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগমকে। ১৯৯৮ ব্যাচের এই আধিকারিক নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি নতুন দফতরের প্রধান সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। সুরেন্দ্র গুপ্ত কমিশনার পদে বদলি হওয়ায় এই পদটি শূন্য হয়েছিল। প্রশাসনিক মহলের মতে, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য—এই দুই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব এক আধিকারিকের হাতে থাকায় সমন্বয় আরও বাড়বে। শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ১৯৯৬ ব্যাচের আইএএস বিনোদ কুমারকে স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা ও গ্রন্থাগার দফতরের পাশাপাশি কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯৯৫ ব্যাচের আইএএস খলিল আহমেদ, যিনি বর্তমানে দমকল দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, তাঁকে পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রেও রদবদল হয়েছে। কৃষি দফতরের প্রধান সচিব ওমকার সিংহ মীনাকে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনকে শ্রম দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অবনীন্দ্র সিংহের বদলির ফলে এই পদটি শূন্য হয়েছিল।

সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক কার্যক্রম আরও সুচারু ভাবে পরিচালনার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে। নবান্নের শীর্ষকর্তাদের একাংশের মতে, এটি একটি রুটিন প্রশাসনিক পদক্ষেপ হলেও একাধিক দফতরে অতিরিক্ত দায়িত্ব অর্পণের ফলে আন্তঃদফতর সমন্বয় এবং কাজের গতি আগামী দিনে আরও বাড়বে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Nabanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy