Advertisement
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

কালীঘাট থানার ওসি আবার বদল! ২৪ ঘণ্টার মধ্যে চামেলি মুখোপাধ্যায়কেও সরিয়ে দিল লালবাজার, ৩৬ দিনে চার বার

কালীঘাট থানার ওসি-কে ফের বদলে দেওয়া হল। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল শনিবারই। সেই নির্দেশিকা বাতিল করে এ বার কালীঘাটের ওসি করা হল বলাই বাগকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৩:৩৬
(বাঁ দিকে) কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। কালীঘাট থানার ওসি-র পদ থেকে অপসারিত চামেলী মুখোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। কালীঘাট থানার ওসি-র পদ থেকে অপসারিত চামেলী মুখোপাধ্যায় (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কালীঘাট থানার ওসি-কে ফের বদলে দেওয়া হল। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল শনিবারই। ২৪ ঘণ্টার মধ্যে সেই নির্দেশিকা বাতিল করে এ বার কালীঘাটের ওসি করা হল বলাই বাগকে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই। তাঁকে কলকাতা দক্ষিণ বিভাগে কালীঘাট থানার ওসি করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশ দিয়েছেন।

এই নিয়ে গত ৩৬ দিনে চার বার কালীঘাট থানার ওসি বদল করা হল। ভোটঘোষণার পর থেকে নির্বাচন কমিশন কলকাতা এবং রাজ্য পুলিশে একাধিক রদবদল করেছিল। সেই পর্বে গত ২৯ মার্চ প্রথম বার বদলানো হয় কালীঘাটের ওসি। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে এই পদে আনা হয়েছিল। সেই নিয়োগের এক মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। ২৫ এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। এর পর ২ মে শনিবার গৌতমকে সাসপেন্ড করে লালবাজার। তাঁর জায়গায় কালীঘাটের ওসি করা হয় চামেলিকে। তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বাতিল করা হল। এ বার ভাঙড়ের পোলেরহাট থানা থেকে কালীঘাটে আনা হল বলাইকে।

সমাজমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করে গৌতমকে শাস্তির মুখে পড়তে হয়েছে। শুক্রবার রাতে ওই ছবিকে ‘আপত্তিকর’ বলে দাবি করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিল তৃণমূল। তাদের তরফে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি অত্যাধুনিক বন্দুক হাতে থানায় নিজের চেয়ারে বসে রয়েছেন গৌতম। তার পরনে পুলিশের উর্দি (যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তৃণমূলের দাবি, গৌতম নিজেই ফেসবুক এবং হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে সেই ছবি পোস্ট করেন।

গৌতমের বিতর্কিত ছবিটির বিরোধিতা করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবাল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি লিখেছিল তৃণমূল। দাবি, ছবির সঙ্গে গৌতম লিখেছিলেন, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। পরে সেই পোস্ট মুছে ফেলা হয়েছে বলে দাবি। গৌতমকে কেন সরানো হল বা নিলম্বিত করা হল, আনুষ্ঠানিক ভাবে তা জানানো হয়নি। তবে লালবাজার সূত্রে দাবি, বন্দুক-কাণ্ডের জেরেই এই পদক্ষেপ।

গত ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। ৪ মে গণনার পর ভোটের ফল জানা যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট থানারই অন্তর্গত। ভোটগণনার আগে একাধিক বার সেই থানার ওসি বদলে দেওয়া হচ্ছে।

kalighat Kalighat Police Station
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy