E-Paper

ভিন্‌ রাজ্যের ট্রেনে তল্লাশিতে বিশেষ দল, উদ্ধার দেড় কোটি টাকা

রেল পুলিশের এক কর্তা জানান, ভোটের মুখে ভিন্‌ রাজ্য থেকে অর্থ, মাদক বা অস্ত্রের প্রবেশ ঠেকাতে চারটি রেল পুলিশ জেলা (হাওড়া, শিয়ালদহ, খড়্গপুর এবং শিয়ালদহ)-র আধিকারিকদের বলা হয়েছে রেল রক্ষী বাহিনীকে নিয়ে বিশেষ নজরদার দল তৈরি করতে।

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৯:২৭

— প্রতীকী চিত্র।

ভোটের আগে সড়কপথের পাশাপাশি রেলপথেও ভিন্‌ রাজ্য থেকে বেআইনি টাকা এবং অস্ত্র এই রাজ্যে ঢোকার অভিযোগ অতীতে বার বার উঠেছে। সে কথা মাথায় রেখে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রেলপথে টাকা ও অস্ত্রের প্রবেশ ঠেকাতে ভিন্‌ রাজ্যের সঙ্গে চলাচলকারী ট্রেনে নজরদারি শুরু করেছে রেল পুলিশ। তাদের দাবি, এই তল্লাশিতে ইতিমধ্যেই সাফল্য এসেছে। গত দু’সপ্তাহে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় দেড় কোটি টাকা। যার মধ্যে রয়েছে বিদেশি মুদ্রাও। এ ছাড়াও, রেল পুলিশ ও রেল রক্ষী বাহিনী যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় ২৪৫ কেজি মাদক এবং এক কেজি সোনা। গ্রেফতার করা হয়েছে ৫৪ জনকে।

রেল পুলিশের এক কর্তা জানান, ভোটের মুখে ভিন্‌ রাজ্য থেকে অর্থ, মাদক বা অস্ত্রের প্রবেশ ঠেকাতে চারটি রেল পুলিশ জেলা (হাওড়া, শিয়ালদহ, খড়্গপুর এবং শিয়ালদহ)-র আধিকারিকদের বলা হয়েছে রেল রক্ষী বাহিনীকে নিয়ে বিশেষ নজরদার দল তৈরি করতে। চলন্ত ট্রেনের প্রতিটি কামরায় তল্লাশি চালানোর জন্য ওই দলকে নির্দেশ দেওয়া হয়েছে।

রেল পুলিশ জানিয়েছে, প্রতি দলে আছেন ছ’-সাত জন রেল পুলিশের কর্মী। ভিন্‌ রাজ্য থেকে দূরপাল্লার ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করলে তাঁরা রেল রক্ষী বাহিনীকে নিয়ে সেই ট্রেনে তল্লাশি চালাচ্ছেন। এতেই হাওড়া রেল পুলিশ জেলা ৫০ লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে। এ ছাড়া, গত সপ্তাহে খড়্গপুর রেল পুলিশ জেলা বিদেশি মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকা উদ্ধার করেছে বলে খবর। এর পাশাপাশি, অর্থ বা মাদক উদ্ধার করেছে রেল পুলিশের ৪৭টি থানাও।

তবে রেল পুলিশের একটি সূত্র জানাচ্ছে, গত দু’সপ্তাহে তাদের তরফে কোনও বেআইনি অস্ত্র উদ্ধার হয়নি। তা হলে কি রেলপথে বেআইনি অস্ত্র আসছে না? রেল পুলিশের এক কর্তা জানান, বেআইনি টাকা, অস্ত্র বা মাদক— সব কিছুর জন্য ওই বিশেষ দল তল্লাশি করছে। আশা করা যায়, অস্ত্র পাচারের জন্য রেলপথ ব্যবহার করলে দুষ্কৃতীরা ধরা পড়বেই।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

rail police West Bengal Assembly Election

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy