Advertisement
E-Paper

তৃণমূলনেত্রীর বাড়িতে বোমাবাজি, বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর! মোদী সফরের রাতে উত্তপ্ত কোচবিহার

রবিবার মধ্যরাতে কোচবিহার-১ ব্লকের ঘুঘুমারি এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির সামনেও বোমা মারা হয় বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৭:০৯
Political Clash in Cooch Behar

তৃণমূলনেত্রীর বাড়ির সামনে বোমাবাজির ‘ছাপ’। —নিজস্ব ছবি।

রবিবার বিকেলে কোচবিহারের সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর রাত থেকে জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠল সোমবার। অন্য দিকে, জেলা তৃণমূলের সভানেত্রী তাঁর বাড়িতে বোমাবাজির অভিযোগ করেছেন।

নাটাবাড়ি বিধানসভার পানিশালা গ্রামপঞ্চায়েতের ধোলুয়াবাড়ি তিনটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির পুরুষসদস্যেরা মোদীর জনসভায় গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পরে তাঁদের পেটানো হয় বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, রাসমেলার ময়দান থেকে তাঁরা ফেরার পরে গভীর রাতে তৃণমূলের লোকজন বাইক নিয়ে পৌঁছোন। শুধুমাত্র প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার ‘অপরাধে’ তাঁদের মারধর করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বচ্চন ভৌমিক নামে এক বিজেপি কর্মী বলেন, ‘‘বাড়ি ফিরতেই একদল তৃণমূল কর্মী আমাদের ধমক দিতে থাকেন। রাত ১২টার পর ২০-২৫ জন তৃণমূল কর্মীর একটি দল আমাদের বাড়িতে হামলা চালায়। মা-বোনকে গালাগালি করে। বাড়িতে ঢিল ছোড়ে। টিনের গেট ভেঙে দেয়।’’ বিশ্বজিৎ পাল নামে আর এক বিজেপি কর্মী বলেন, ‘‘রাতে যখন ঘুমোতে যাব, ঠিক ওই সময় আট-দশটি বাইক আমাদের বাড়়ির সামে দাঁড়ায়। চিৎকার-চেঁচামেচি শুরু করে। আমার দাদা প্রতিবাদ করায় ওকে মারধর করেছে। পুলিশ আসার আগে এলাকা ছেড়ে পালিয়ে যায় সকলে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কোচবিহার-১ ব্লকের সভাপতি আব্দুল কাদেরের দাবি, ‘‘যে তিন জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে, তারা নেশা করে নিজেরাই গন্ডগোল পাকিয়ে বাড়ি ভাঙচুর করেছে। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।’’

অন্য দিকে, রবিবার মধ্যরাতে কোচবিহার-১ ব্লকের ঘুঘুমারি এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির সামনেও বোমা মারা হয়। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। তৃণমূলনেত্রী বলেন, ‘‘রাত ১২টা নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। আমার বাড়ির পাশাপাশি গোটা এলাকায় ১৫ থেকে ২০টি বোমা ফাটানো হয়েছে।’’ তাঁর অভিযোগ, ভোটের আগে এলাকায় ভয়ের আবহ তৈরি করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। পাল্টা বিজেপির মহিলা মোর্চার নেত্রী দীপা চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল বুঝে গিয়েছে, পরাজয় নিশ্চিত। তাই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু মানুষ জানেন সত্যিটা।’’

Advertisement
Cooch Behar tmc bjp clash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy