Advertisement
E-Paper

নির্ভয়ে ভোট দিন! আলিপুরদুয়ারের বনবস্তিতে গিয়ে আদিবাসী ভোটারদের আশ্বাস কমিশনের দিল্লি থেকে আসা দলের

সোমবারই দিল্লি থেকে পশ্চিমবঙ্গে এসেছে নির্বাচন কমিশনের দু’টি প্রতিনিধিদল। তার মধ্যে একটি দল ঘুরছে উত্তরবঙ্গে, একটি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যে দলটি গিয়েছে, তার নেতৃত্বে রয়েছেন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিংহ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২৩:০০
অপূর্ব কুমার সিংহ।

অপূর্ব কুমার সিংহ। — নিজস্ব চিত্র।

আলিপুরদুয়ারের বক্সা বনবস্তি এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললেন নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিংহ। আশ্বাস দিলেন কমিশনের ব্যবস্থাপনা নিয়ে। সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার জন্যও বললেন তিনি।

সোমবারই দিল্লি থেকে পশ্চিমবঙ্গে এসেছে নির্বাচন কমিশনের দু’টি প্রতিনিধিদল। তার মধ্যে একটি দল ঘুরছে উত্তরবঙ্গে, একটি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যে দলটি গিয়েছে, তার নেতৃত্বে রয়েছেন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব। সোমবার আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানিঝোরা বনবস্তিতে যান অপূর্ব এবং কমিশনের আধিকারিকেরা। সেখানে আদিবাসী এবং নেপালি জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেন তাঁরা।

ওই অঞ্চলের নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেন অপূর্ব। সেখানে বৃক্ষরোপণও করেন তিনি। দিল্লির নির্বাচন সদনের আধিকারিকদের সঙ্গে সোমবার কালচিনি বিধানসভা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলাশাসক ময়ূরী ভাসু এবং প্রশাসনের অন্য আধিকারিকেরাও। অপূর্ব বলেন, “এখানে আমি আদিবাসী ভোটার এবং নতুন ভোটারদের সঙ্গে কথা বললাম। ভোটারদের মধ্যে খুব উৎসাহ রয়েছে। ভোট নিয়ে উৎসবের বাতাবরণ রয়েছে। ভোটারেরা খুব আত্মবিশ্বাসী। কমিশন সব সময় বলে আসছে, শান্তিপূর্ব, ভয়মুক্ত পরিবেশে ভোট হবে। আমি পশ্চিমবঙ্গের সকল ভোটারকে বলব— এই ভোটপর্বে সকলে অংশগ্রহণ করুন। সকলে নিজ নিজ ভোটকেন্দ্র গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন।”

Advertisement

সাধারণ ভোটারদের জন্য কমিশন কী কী সুযোগসুবিধা রেখেছে, সে কথাও সংক্ষেপে তুলে ধরেন অপূর্ব। ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের মোবাইল জমা রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং, বিশেষ ক্ষেত্রে বাড়ি গিয়ে ভোটগ্রহণের ব্যবস্থা, ইভিএমে বড় হরফ এবং প্রার্থীদের রঙিন ছবির ব্যবস্থার কথা জানান তিনি। অপূর্ব জানান, সাধারণ ভোটারদের যাতে সুবিধা হয়, সেই কারণেই এই পদক্ষেপগুলি করা হয়েছে।

সোমবারই ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে অপর একটি দল এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। ওই দলটি ঘুরছে দক্ষিণবঙ্গে। সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামে ডেপুটি কমিশনারের নেতৃত্বে ওই প্রতিনিধিদল। সেখান থেকে তারা সড়কপথে বীরভূমের দিকে রওনা দেয়। দু’টি দলই আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গে থাকবে এবং জেলায় জেলায় ঘুরবে। অপূর্বের নেতৃত্বে উত্তরবঙ্গ সফররত দলটি মঙ্গলবার আলিপুরদুয়ার থেকে কোচবিহার হয়ে জলপাইগুড়িতে যেতে পারে বলে সূত্রের খবর।

Election Commission of India Alipurduar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy