এ বার অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন করে দিল কেন্দ্রীয় সরকার। গত মাসেই নাগরিকত্ব সংক্রান্ত ২০০৯ সালের বিধি সংশোধন করা হয়েছে। এ বার ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধিতেও সংশোধন করা হল। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াতে উদ্যত হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশকে অনুপ্রবেশমুক্ত করার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরে জেলায় জেলায় অবৈধবাসীদের রাখার জন্য ‘হোল্ডিং সেন্টার’ খোলা হয়েছে। এমন এক পরিস্থিতির মাঝে সোমবার অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন করে দিল স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে আসা কোনও বিদেশি যদি মেয়াদ শেষের পরেও ভারতে থাকতে চান, তবে মেয়াদ শেষের আগেই তাঁকে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে। আগে এই ধরনের ভিসার ক্ষেত্রে নিয়ম ছিল, ১৮০ দিনের মেয়াদ শেষের ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করত হবে। সেই নিয়ম এ বার বদলে ফেলা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ওই বিদেশিকে। অমিত শাহের মন্ত্রকের জারি করা এই বিজ্ঞপ্তিতে আলাদা ভাবে বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে কোনও উল্লেখ নেই। ভারতে আসা সকল বিদেশির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। তবে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
গত মাসে ২০০৯ সালের নাগরিকত্ব বিধিও সংশোধন করেছিল কেন্দ্র। সেখানে বলা হয়েছে, ভারতের নাগরিক হতে চাওয়া কোনও বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানের কাছে নিজের দেশের কোনও বৈধ বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। কোনও আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকলে তাঁকে সেই পাসপোর্টের নম্বর, সেটি কবে জারি হয়েছিল, তার মেয়াদ কত দিন— এই সব তথ্য দিতে হবে। এ বার বিদেশি নাগরিকদের ভারতে অভিবাসন সংক্রান্ত বিধিও সংশোধন করল কেন্দ্র।
সংশোধিত বিধি অনুযায়ী, যাঁদের কাছে ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসা রয়েছে, তাঁরাও একবারে ১৮০ দিনের বেশি ভারতে থাকতে পারবেন না। তাঁরা যদি বছরের কোনও একটি সময়ে বা সার্বিক ভাবে তাঁদের এ দেশে থাকার মেয়াদ বৃদ্ধি করতে চান, তবে ওই ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁদের রেজিস্ট্রেশন করতে হবে। একই সঙ্গে এ-ও বলা হয়েছে, ‘শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে’ এই ধরনের আবেদন মঞ্জুর করা হবে।