E-Paper

‘নজিরবিহীন ১২ বছর’, প্রচারের নির্দেশ বিজেপির

বিজেপি সূত্রের মতে, এ বারের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সদ্য পাঁচ রাজ্যের নির্বাচনে ভাল ফল করেছে দল। এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতার স্বাদ পেয়েছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৯:৪৩
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। —ফাইল চিত্র।

‘বেমিসাল বারা সাল’ বা নজিরবিহীন ১২ বছর। এই স্লোগানকে সামনে রেখে আগামী এক মাস গোটা দেশে দলকে মাঠে নামার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আজ দিল্লিতে সব রাজ্যের বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে ওই নির্দেশ দেন নিতিন। সূত্রের খবর, আগামী ৯ জুন থেকে ৯ জুলাই ওই প্রচারাভিযানে নামতে চলেছে দল।

বিজেপি সূত্রের মতে, এ বারের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সদ্য পাঁচ রাজ্যের নির্বাচনে ভাল ফল করেছে দল। এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতার স্বাদ পেয়েছে বিজেপি। উপরন্তু সামনেই মন্ত্রিসভার সম্প্রসারণ যেমন রয়েছে, তেমনই দ্রুত নিজের ‘টিম’ গঠনের ঘোষণা করতে চলেছেন নিতিন। ফলে আজই দলের একাধিক নেতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে শেষ বৈঠক করলেন বলেই মনে করা হচ্ছে।

এ দিনের বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের বারো বছর পূর্তি উপলক্ষে গোটা দেশে কী ভাবে সরকারের কাজের সুফল পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়। আগামী এক মাস যা নিয়ে প্রচারে নামতে চলেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, ‘‘গত বারো বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে উন্নতি করেছে। সেই কাজের সুফল দেশের প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছল কি না তা আগামী এক মাস বিভিন্ন দলীয় কর্মসূচির মাধ্যমে নিশ্চিত করবেন দলীয় কর্মীরা।’’

পাশাপাশি সরকারের বিভিন্ন জনমোহিনী নীতি সম্পর্কে ওই এক মাস ধরে বাড়ি-বাড়ি ঘুরে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্তর থেকে জেলা হয়ে একেবারে ব্লক পর্যায় পর্যন্ত এ নিয়ে প্রচারে নামার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে মণ্ডল পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণের কাজ চালু রয়েছে। এ দিনের বৈঠকে রাজ্যভিত্তিক সেই কাজের অগ্রগতিও খতিয়েদেখা হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nitin Nabin BJP Narendra Modi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy