E-Paper

আমলা নিয়ে কমিশনকে ফের নিশানা তৃণমূলের

অন্য রাজ্য থেকে আনা চার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ তোলার পরে কমিশন সেই সিদ্ধান্ত বদল করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৮:৫৯

—প্রতীকী চিত্র।

বিজেপির ‘পছন্দের আমলা’কে পশ্চিমবঙ্গে ভোটের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে পাঠানোর অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনকে আবার নিশানা করল তৃণমূল কংগ্রেস। এই সূত্রে শাসক দলের তরফে সংশ্লিষ্ট আমলার পারিবারিক পরিচয় সামনে আনা হয়েছে। কমিশন সূত্রে অবশ্য বক্তব্য, কারও পারিবারিক পরিচয় দেখা তাদের কাজ নয়।

দলের তরফে রবিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “বিহারে বিজেপির শরিক জেডিইউ-র প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র সিংহের ছেলে বিবেককুমার সিংহকে উত্তর দিনাজপুরের জেলাশাসক করে এনেছে কমিশন। নিরপেক্ষতার জন্য নয়। এঁদের বিজেপির পরিকল্পনা দিয়ে পাঠানো হচ্ছে। নির্বাচন পরিচালনায় জেলাশাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা।” কুণালের সংযোজন, “বিজেপি শাখা সংগঠন কমিশন ভোটকে প্রভাবিত করতে নিজেদের লোক এনে বসাচ্ছে।” তৃণমূল সংশ্লিষ্ট সব জায়গায় অভিযোগও করেছে বলে কুণাল জানিয়েছেন। প্রসঙ্গত, অন্য রাজ্য থেকে আনা চার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ তোলার পরে কমিশন সেই সিদ্ধান্ত বদল করেছে।

তৃণমূলের এ দিনের অভিযোগ প্রসঙ্গে কমিশন সূত্রে বক্তব্য, তৃণমূল প্রার্থী অরুন্ধতী মৈত্রের (লাভলি) স্বামী কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন। তাঁকে কমিশন সরায়নি। পারিবারিক পরিচয় দেখা কমিশনের কাজ নয়। কারও কর্তব্যে ন্যূনতম গাফিলতির অভিযোগ এলে কমিশন কঠোর পদক্ষেপ করে। কাজের পদ্ধতি ও বিধি মানা হচ্ছে কি না, তা-ই কমিশনের বিচার্য। পাশাপাশি, বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, “পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বাবা-মায়েরা অন্য রাজ্যে না কি অন্য দেশে থাকেন? ওই কর্মচারীদের বাবা-মায়েরা এখানেই আছেন। অনেকে তৃণমূলের নেতা-কর্মীও হতে পারেন। সংবিধানের শপথ নিয়ে এখানে চাকরি করতে আসছেন (বিবেক)। সেই দায়িত্ব পালন করছেন কি না, শুধু সেটাই দেখা উচিত।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Election Commission TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy