Advertisement

ভোটার তালিকায় ৭ লক্ষ নতুন নাম, মোট ভোটার কমে দাঁড়াল ৬.৮ কোটি! পুরুষের তুলনায় বেশি কমল মহিলা ভোটারই

যত ফর্ম-৬ জমা পড়েছে, তার মধ্যে ৭ লক্ষের নাম এ বারের ভোটার তালিকায় যুক্ত হয়েছে। নতুন ভোটার বৃদ্ধিতে এগিয়ে উত্তর ২৪ পরগনা। কলকাতায় যুক্ত প্রায় ৪৪ হাজার নতুন ভোটার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৮:৪৯
West Bengal Adds Nearly 5 Lakh New Voters, Says Election Commission

নতুন ভোটার বৃদ্ধিতে এগিয়ে উত্তর ২৪ পরগনা। — ফাইল চিত্র।

রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির সংখ্যা জানাল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় সম্প্রতি প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। খসড়ার পর থেকে দু’দফার ভোটের মনোনয়ন জমার আগে পর্যন্ত ফর্ম-৬ জমা নিয়েছে কমিশন। সেই তথ্য বলছে, প্রায় ৭ লক্ষ ভোটার ফর্ম-৬ জমা দিয়ে তালিকায় নাম তুলেছেন। অন্য দিকে, বর্তমান ভোটার তালিকার হিসাবে পুরুষদের তুলনায় মহিলা ভোটার সংখ্যা বেশি কমেছে। খসড়া তালিকাতেও তা-ই ছিল। কমিশন জানিয়েছে, বিধানসভা ভোটের মোট ভোটার সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮। ট্রাইবুনালের বিচারপতিদের নিষ্পত্তির পরে ওই সংখ্যা সামান্য বৃদ্ধি হতে পারে।

গত ৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন। প্রথম দফায় ভোটার বেড়েছে ৩ লক্ষ ২২ হাজার ১৭ জন। আর ৩ লক্ষ ৮৭ হাজার ৭৪৭ নতুন ভোটার বেড়েছে দ্বিতীয় দফায়। কমিশন সূত্রে খবর, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। সে দিন ১ লক্ষ ৮৮ হাজার ২০৭ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছিলেন। অর্থাৎ, গত এক মাসে আরও প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে। সবচেয়ে বেশি নাম উঠেছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে। উত্তর ২৪ পরগনা জেলা থেকেই ৭১ হাজারের বেশি নাম উঠেছে। প্রায় ৪৪ হাজার নতুন নাম ভোটার তালিকায় যোগ হয়েছে কলকাতায়। কমিশন জানিয়েছে, এই সব ভোটারদের বেশির ভাগই নতুন। এ ছাড়া খসড়া এবং চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ভোটাররাও রয়েছেন। স্বাভাবিক ভাবে বিবেচনাধীন সংখ্যা এর মধ্যে নেই।

সম্প্রতি ফর্ম-৬ জমা নিয়ে বিতর্ক তৈরি হয়। তৃণমূলের দাবি, সিইও দফতরে বান্ডিল বান্ডিল ফর্ম-৬ জমা দিচ্ছে বিজেপি। বিষয়টি নিয়ে গত ৩০ মার্চ সিইও দফতরে অভিযোগ জানাতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুচ্ছ গুচ্ছ ফর্ম-৬ জমার বিষয়টি স্বীকারও করে নেয় কমিশন। তাদের বক্তব্য, আইন অনুযায়ী যে কোনও ভোটার একাধিক ব্যক্তির নাম ভোটার তালিকায় তোলার জন্য আবেদন করতে পারেন। এর মধ্যে কোনও ভুল নেই। সব আবেদন এবং নথি খতিয়ে দেখেই নাম তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই অবস্থায় তৃণমূলের অভিযোগ জানানোর পরে আট দিনে কত নতুন নাম যোগ হয়েছে তা স্পষ্ট করেনি কমিশন।

Advertisement

বিশেষ নিবিড় সংশোধনের আগে রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। পরে খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ যায়। ভোটার সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ৮ লক্ষ। এখন মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার। অর্থাৎ, এসআইআরের পরে এখনও পর্যন্ত রাজ্যের মোট ভোটার কমেছে ৮৩ লক্ষ ৮৬ হাজার ৫২১। তাৎপর্যপূর্ণ ভাবে পুরুষের তুলনায় বেশি কমেছে মহিলা ভোটার। খসড়ার তালিকা প্রকাশের পরে মহিলা ভোটার কমেছে ৩.৮ শতাংশ। ৩.৫ শতাংশ কমেছে পুরুষ ভোটার। এখন রাজ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৩৫ হাজার। এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার। কমিশন জানিয়েছে, ট্রাইবুনাল থেকে নাম যোগ না এলে এই সংখ্যক ভোটারকে নিয়েই বিধানসভা ভোট হবে।

New Voter SIR Voter Card rectification
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy