Parle Industries Stock

মোদীর ‘মেলোডি’ উপহারে মেলোনির সঙ্গে লগ্নিকারীদের মুখও মিষ্টি! নামের মিলে ছুটল লোকসানে থাকা পার্লের স্টক

বুধবার, ২০ মে শেয়ারবাজারে শোরগোল ফেলে পাঁচ শতাংশ ঊর্ধ্বমুখী হয় পার্লে ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের স্টকের সূচক। গত এক বছর ধরে লোকসানে থাকা এই সংস্থার শেয়ারের দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে কোন রহস্য?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৬:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

উপহারের এক বাক্স ‘মেলোডি’ চকোলেট। রোমসফরে গিয়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে যা তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি প্রকাশ্যে আসতেই শেয়ারবাজারে ঝড় তুলল পার্লে ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের স্টক! ফলে বাম্পার রিটার্ন পেয়েছেন এর লগ্নিকারীরা। ষদিও গোটা ঘটনার নেপথ্যে নামের মিলকেই দায়ী করেছে এ দেশের তাবড় ব্রোকারেজ ফার্ম।

Advertisement

বুধবার, ২০ মে বাজার খোলার পর কিছুটা নিম্নমুখী হয় পার্লে ইন্ডাস্ট্রিজ়ের স্টক। সকাল ১০:১৫ মিনিট নাগাদ উপরের দিকে ছুটতে শুরু করে এর শেয়ার, যা দিনভর অব্যাহত ছিল। বিকেলে বাজার বন্ধ হলে দেখা যায় এর সূচক বেড়েছে পাঁচ শতাংশ। এর জেরে বর্তমানে স্টকটির দাম দাঁড়িয়েছে ৫.২৫ টাকা।

মিড ক্যাপ সংস্থা পার্লে ইন্ডাস্ট্রিজ়ের শেয়ারের দর গত এক সপ্তাহে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া শেষ এক মাসে ৩.৯৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে এর সূচক। তার পরেও এই স্টকটিকে দুর্দান্ত লাভজনক বলছেন না কেউই। কারণ, গত ছ’মাস এবং এক বছরে পার্লে ইন্ডাস্ট্রিজ়ের শেয়ারের দাম কমেছে যথাক্রমে ৪৫.৩১ এবং ৬৮.০৯ শতাংশ।

Advertisement

এই পরিস্থিতিতে হঠাৎ কেন ঊর্ধ্বমুখী হল পার্লে ইন্ডাস্ট্রিজ়ের স্টকের সূচক? ব্রোকারেজ ফার্মগুলির দাবি, এর নেপথ্যে রয়েছে মেলোনিকে উপহার দেওয়া মোদীর ‘মেলোডি’ চকলেটের বাক্স। এই ক্যান্ডি তৈরি করে পার্লে প্রোডাক্টস নামের একটি ভোগ্যপণ্য সংস্থা। তাদের জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে পার্লে-জি, মোনাকো, ক্র্যাকজ্যাক, ম্যাঙ্গো বাইট এবং পপিন্স। তবে ব্যক্তিগত মালিকানাধীনে থাকা পার্লে প্রোডাক্টস ভারতীয় শেয়ারবাজারের তালিকাভুক্ত সংস্থা নয়।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘মেলোডি’ চকলেট তৈরির সঙ্গে পার্লে ইন্ডাস্ট্রিজ়ের কোনও সম্পর্ক নেই। সফ্‌টঅয়্যার রফতানি ও রিয়্যাল এস্টেটের ব্যবসা রয়েছে তাদের। আর্থিক বিশ্লেষকদের দাবি, দু’টি সংস্থার নামের বানান এবং উচ্চারণ এক হওয়ায় পার্লে ইন্ডাস্ট্রিজ়কে ভোগ্যপণ্য উৎপাদনকারী সংস্থা ভেবে ঢালাও বিনিয়োগ শুরু করেন লগ্নিকারীরা। এর জেরে ঊর্ধ্বমুখী হয়েছে এর সূচক।

ব্রোকারেজ ফার্মগুলির অনুমান, বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় আগামী দিনে দুরন্ত গতিতে না-ও ছুটতে পারে পার্লে ইন্ডাস্ট্রিজ়ের স্টক। উল্টে মুনাফা তুলে নিতে এর শেয়ার বিক্রিতে লগ্নিকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ার আশঙ্কা রয়েছে। এ দিন মোটের উপর অবশ্য ভাল পারফরম্যান্স করেছে বাজার। ৭৫,৩১৮.৩৯ পয়েন্টে দৌড় থামায় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচক সেনসেক্স। এতে ১১৭.৫৪ পয়েন্টের বৃদ্ধি পেয়েছেন লগ্নিকারীরা।

একই ভাবে দিনভর ঊর্ধ্বমুখী ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও (এনএসই)। দিনশেষে ২৩,৬৫৯ পয়েন্টে পৌঁছোয় নিফটি-৫০। ৪১ পয়েন্ট বেড়েছে এই বাজারের সূচক, শতাংশের নিরিখে যা ০.১৭। অন্য দিকে সেনসেক্সের বৃদ্ধি হয়েছে ০.১৬ শতাংশ।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ারবাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement