HS Exam 2026 Preparation Tips

ইংরেজির ‘টেন্স’, ‘ভার্ব’-এ ভয়? উচ্চ মাধ্যমিকে ভাল ফলের চাবিকাঠি কী? জানাচ্ছেন বিশেষজ্ঞ

কোন কোন বিষয় মাথায় রাখলে লক্ষ্যে পৌঁছনো যেতে পারে, তারই পরামর্শ দিচ্ছেন যোধপুর পার্ক গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা নবনীতা প্রামাণিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১
Share:

প্রতীকী চিত্র।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। ১৩ ফেব্রুয়ারি ইংরেজি ভাষার পরীক্ষা। বাকি ঠিক এক সপ্তাহ। মাতৃভাষায় দখল থাকলেও অনেকেরই বিদেশি ভাষা ইংরেজি বেশ খটমট লাগে। কখনও ক্রিয়াকাল (টেন্স), আবার কখনও ক্রিয়াপদ (ভার্ব)— গুলিয়ে যায় অনেকক্ষেত্রেই। তার মধ্যে সেমেস্টার পদ্ধতিতে এ বার প্রথম উচ্চ মাধ্যমিক। তৃতীয় সেমেস্টারে ফল খারাপ হয়ে গেলেও চতুর্থ সেমেস্টারে ফল ভাল করার সুযোগ রয়েছে। কোন কোন বিষয় মাথায় রাখলে লক্ষ্যে পৌঁছনো যেতে পারে, তারই পরামর্শ দিচ্ছেন যোধপুর পার্ক গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা নবনীতা প্রামাণিক।

Advertisement

নবনীতা জানিয়েছেন, চতুর্থ সেমেস্টারে ৪০ নম্বরের প্রশ্নপত্রের উপরে পরীক্ষা দিতে হবে। মূলত বর্ণনামূলক, বিশ্লেষণাত্মক এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে। দ্বিগুণ বিকল্প প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন আসবে বিভিন্ন গদ্য, পদ্য, নাটক, ব্যাকরণ এবং লেখার দক্ষতা (রাইটিং স্কিল) থেকে।

পরীক্ষায় কোনও একটি বিভাগ নয়, সামগ্রিক ফল ভাল করার জন্য মানতে হবে বেশ কিছু বিষয়। সে সেবই জানিয়েছেন নবনীতা।

Advertisement

১। পাঠ্যসূচি ভাল করে জেনে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে।

২। গদ্য, পদ্য বা নাটকের কোনও টপিকই বাদ দেওয়া চলবে না।

৩। শেষ মুহূর্তে নতুন করে কিছু না পড়াই ভাল। এতদিন স্কুলে বা বাড়িতে যা পড়া হয়েছে, সেগুলিই আবার চোখ বুলিয়ে নিতে হবে।

৪। পরীক্ষাকেন্দ্রে প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে বুঝে তারপর উত্তর লিখতে হবে।

৫। প্রশ্নের প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক, সংক্ষিপ্ত এবং স্পষ্ট উত্তর লিখতে হবে। এড়িয়ে যেতে হবে বিস্তারিত বিবরণ।

৬। সঠিক ক্রিয়াপদ (ভার্ব) এবং ক্রিয়াকাল (টেন্স) ব্যবহার করতে হবে। ব্যাকরণ হতে হবে নির্ভুল।

৭। রচনামূলক বিভাগে নির্ধারিত ফরম্যাট অনুযায়ী উত্তর দিতে হবে। প্রবন্ধ, ই-মেল বা ব্লগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী উত্তর লিখতে হবে।

৮। সমস্ত বিষয় লিখতে হবে সুসংগঠিত ভাবে। যাতে যা জানতে চাওয়া হয়েছে, তা পুরোটাই জানা যায় উত্তর থেকে।

৯। উত্তরপত্রে অযথা কাটাকাটি করে অপরিচ্ছন্ন করা চলবে না। তাতে নিরীক্ষকের উত্তর বুঝে নিতে অসুবিধা হবে।

১০। নিজের শরীরের দিকেও এই সময় খেয়াল রাখতে হবে। যাতে সুস্থ ভাবে পরীক্ষা দেওয়া যায়। তাই রাত জেগে দীর্ঘক্ষণ না পড়ে পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে।

১১। অকারণ দুশ্চিন্তা এড়িয়ে মন শান্ত রাখতে হবে। কোনওভাবেই নিজের উপর আস্থা হারালে চলবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement