TMC Candidate Abhijit Dey Bhowmick

‘আমরা এখন বিরোধী, সরকারি দফতর ঘেরাও করব’! কমিশনকে তোপ দেগে বন্‌ধেরও হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর

কয়েক দিন পর পর শিলাবৃষ্টি এবং ঝড়ে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে কোচবিহারের পুঁটিমারি, ফুলেশ্বরী-সহ বিস্তীর্ণ এলাকায়। ঘরবাড়ি ভেঙেছে। চাল ফুটো হয়েছে। চাষের জমির ক্ষতি হয়েছে। এই অবস্থায় তাঁরা মানুষের পাশে দাঁড়াতে পারছেন না বলে জানান তৃণমূল প্রার্থী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২১:২০
Share:

ক্ষতিগ্রস্ত একটি বাড়ি দেখতে গিয়ে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। —নিজস্ব ছবি।

নির্বাচনী আদর্শ বিধি কার্যকর হয়ে গিয়েছে রাজ্যে। শাসকদল এখন ‘বিরোধী’। ঝ়ড় এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ত্রাণের দাবিতে সরকারি দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী। এমনকি, কোচবিহার জুড়ে বন্‌ধ ডাক দেবেন বলেও নির্বাচন কমিশনের উদ্দেশে তোপ দাগলেন তিনি।

Advertisement

কয়েক দিন পর পর শিলাবৃষ্টি এবং ঝড়ে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে কোচবিহারের পুঁটিমারি, ফুলেশ্বরী-সহ বিস্তীর্ণ এলাকায়। ঘরবাড়ি ভেঙেছে। চাল ফুটো হয়েছে। চাষের জমির ক্ষতি হয়েছে। এই অবস্থায় তাঁরা মানুষের পাশে দাঁড়াতে পারছেন না বলে জানান কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। তৃণমূল প্রার্থী জানান, বিধি অনুযায়ী, প্রশাসনিক দায়িত্ব এখন কমিশনের ঘাড়ে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার কথা তাদের। কিন্তু এতগুলো মানুষ কোনও পরিষেবা পাচ্ছেন না। হুঁশিয়ারি দিয়ে তৃণমূল প্রার্থীর বলেন, ‘‘যেখানে সাধারণ মানুষ বিপদে পড়েছে, সেখানে নির্বাচন কমিশন বলছে, কোন কিছুই দেওয়া যাবে না। ত্রিপল নেই। ত্রাণের কোনও ব্যবস্থা নেই। আমরাও কিছু দিতে পারব না। তা হলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠবে। তা হলে এই মানুষগুলোর কী হবে?’’

কমিশনের বিরুদ্ধে আরও অভিযোগ করেছেন অভিজিৎ। তিনি বলেন, ‘‘বাড়ির মালিকের অনুমতি নিয়ে তৃণমূলের পতাকা লাগানো হয়েছিল এক জায়গায়। কমিশনের তরফ থেকে সেই পতাকা খুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র তৃণমূলের পতাকাই খোলা হচ্ছে। এ রকম চলতে থাকলে গোটা জেলা জুড়ে বিভিন্ন সরকারি অফিসে বিক্ষোভ দেখাবে তৃণমূল। এমনকি, জেলা জুড়ে বন্‌ধ পালন করব আমরা।’’

Advertisement

এ নিয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement