Weight Loss

ঘিয়ের পরে লেবু-কফি, ওজন কমাতে এই পানীয় নিয়ে বিস্তর আলোচনা, আদৌ কি এটি খাওয়া স্বাস্থ্যকর?

ঘি-কফির মতোই ‘লেমন কফি’ নিয়ে আলোচনা চলছে চারদিকেই। এই পানীয় খেলেই ওজন কমবে, এমন ধারণা তৈরি হয়েছে। আদৌ কি এটি স্বাস্থ্যকর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৪
Share:

লেবু-কফি খেলে কি ওজন কমে? ছবি: ফ্রিপিক।

কফিতে ঘি মিশিয়ে খাওয়ার নতুন ধারা শুরু হয়েছে অনেকদিনই। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ, ঘি-কফি খেয়ে উপকার পেয়েছেন বলে দাবিও করেছেন। এ বার আরও এক নতুন ‘ডিটক্স’ পানীয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেটি হল লেবু-কফি। অর্থাৎ, কফিতে লেবুর রস মিশিয়ে খাওয়া। এতেই নাকি ওজন অনেক কমে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এখন কথা হল, কফিতে ভরপুর ক্যাফিন থাকে, আর লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। এই দুইয়ের সমন্বয় কি আদৌ স্বাস্থ্যকর?

Advertisement

লেবু-কফির উপকার কি কিছু আছে?

‘প্লস’ জার্নালে এই বিষয়টি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, কফিতে লেবুর রস মিশিয়ে খাওয়ার কিছু উপকারিতা আছে। তবে তার পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক। সকলের জন্য এই পানীয় স্বাস্থ্যকর নয়।

Advertisement

কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে আর লেবুর রসে থাকে ভিটামিন সি ও সিট্রাস অ্যান্টি-অক্সিড্যান্ট। এই দু’টি মিশে গেলে অ্যান্টি-অক্সিড্যান্টের মাত্রা আরও বাড়ে। কাজেই লেবুর রস মিশিয়ে চিনি ছাড়া কালো কফি খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়তে পারে।

১০০ গ্রামের মতো লেবুতে প্রায় ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। কাজেই, লেবুর রস মেশানো কফি খেলে তৎক্ষণাৎ শক্তির জোগান পাওয়া যাবে। ক্লান্তি কাটবে, শরীরে বল আসবে।

ত্বকের জন্যও ভাল এই পানীয়। ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, ত্বক আর্দ্র হবে।

কাদের জন্য ক্ষতিকর?

লেবু-কফি বিপাক হার বৃদ্ধি করলেও ওজন কমাতে তেমন কার্যকরী ভূমিকা নেই বলেই মনে করছেন চিকিৎসকেরা। বরং ঘন ঘন কফিতে লেবুর রস মিশিয়ে খেলে অম্বলের সমস্যা বাড়তে পারে, বদহজম হতে পারে এবং ডায়েরিয়ায় ভুগতে হতে পারে।

যাঁদের গ্যাস্ট্রিক আলসার অথবা লিভারের রোগ আছে, তাঁরা এই কফি খেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। লেবুর অ্যাসিড আলসারের জন্য ক্ষতিকর। এর ফলে রোগ আরও বেড়ে যাবে, এতে কোনও সন্দেহই নেই।

ঘন ঘন এমন কফিতে চুমুক দিলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে থাকবে। এতে দাঁত ও মাড়ির ক্ষতি হবে।

খালি পেটে এই পানীয় খেলে হজমের সমস্যা বাড়তে পারে। মারাত্মক বুক জ্বালা হতে পারে।

অন্তঃসত্ত্বাদের জন্য এই পানীয় একেবারেই নিরাপদ নয়। কাজেই লেবু দিয়ে কফি খেতে হলে আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement