—প্রতীকী ছবি।
নবগ্রহদের মধ্যে অন্যতম শনি। শাস্ত্রে এই গ্রহ অশুভ নামে পরিচিত। বেশির ভাগ মানুষের কাছেই শনি উগ্র। কিন্তু আদতে শনি কর্মফলদাতা। যিনি যেমন কাজ করেন, তাঁকে শনিদেব তেমন ফলই দান করেন। শনি সৌরজগতের গ্রহরাজ নামেও পরিচিত। বর্তমানে সে মীন রাশিতে অবস্থান করছে। তাই মীন রাশির ব্যক্তিরা এখন শনির সাড়েসাতির মধ্যে দিয়ে যাচ্ছেন। মার্চের ১৩ তারিখ শনি মীন রাশিতে অস্ত যাবে। উদিত হবে এপ্রিলের ২২ তারিখ। টানা ৪০ দিন শনির অস্তাচল দশা বজায় থাকবে। জ্যোতিষশাস্ত্রে শনির অস্ত যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে অন্যতম। এই সময় শনির ফলদানের গতিতে কিছুটা মন্থরতা আসবে। কিছু রাশির ব্যক্তিদের জীবনে আর্থিক টানাটানি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
শনি অস্ত যাওয়ার ফলে কোন চার রাশির জীবনে অর্থসমস্যা দেখা দেবে?
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যিক। অন্যথায় সমস্যা বাড়বে। হুটহাট খরচ করা এড়িয়ে চলতে হবে। এরই সঙ্গে স্বাস্থ্যের বিষয়েও নজর রাখতে হবে। না হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কাও দেখা যাচ্ছে।
তুলা: শনি অস্ত যাওয়ার ফলে তুলা জাতক-জাতিকাদের জীবনে অর্থের সঙ্গে আরও নানা দিক থেকে সমস্যা দেখা যেতে পারে। এই সময় ঋণ দেওয়া-নেওয়া এড়িয়ে চলুন। এ ছাড়া কোনও গুরুত্বপূর্ণ খাতে অর্থ বিনিয়োগ করাও ফলদায়ক হবে না বলে মনে করা হচ্ছে। তুলা রাশির ব্যক্তিরা এই সময় সঞ্চয়ের উপর নজর দিন। বেশি তেলমশলাদার খাবার এই সময় না খাওয়াই ভাল হবে। পেটের সমস্যায় ভুগতে হতে পারে।
বৃশ্চিক: অর্থসমস্যার সঙ্গে বৃশ্চিক জাতক-জাতিকাদের পারিবারিক ক্ষেত্রেও সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। এই সময় মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রাগের উপর রাশ টানতে ব্যর্থ হলে সমস্যা বৃদ্ধি পাবে। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর্থিক ক্ষেত্রে বুঝেশুনে পা বাড়ান। না হলে দারুণ ক্ষতির মুখে পড়তে হতে পারে।
মকর: মকর জাতক-জাতিকাদের জীবনে হঠাৎ খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বহু চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে রাখতে বেগ পেতে হবে। সঞ্চয় করতে নাকানিচোবানি খেতে হতে পারে। যে পরিমাণে ব্যয় হবে, সেই তুলনায় আয় হবে কম। এর ফলে মানসিক অস্থিরতাও বৃদ্ধি পাবে। এই সময় অযথা খরচ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন।