Rajya Sabha Committee on Petitions

বিজেপিতে যোগ দেওয়ার এক মাসের মধ্যেই পদপ্রাপ্তি রাঘবের! রাজ্যসভার গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হলেন

রাঘবের পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যান রাধাকৃষ্ণণ তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামীকে কর্পোরেট আইন (সংশোধনী) বিল, ২০২৬ সম্পর্কিত যৌথ কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৪:৩২
Share:

রাঘব চড্ঢা। —ফাইল চিত্র।

গত ২৪ এপ্রিল আম আদমি পার্টির আরও ছ’জন রাজ্যসভা সাংসদকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছিলেন তিনি। শনিবার সেই দলত্যাগী রাঘব চড্ঢাকে রাজ্যসভার গুরুত্বপূর্ণ পিটিশন (আবেদন সংক্রান্ত) কমিটির চেয়ারম্যান নিযুক্ত করার কথা জানানো হল। ঘটনাচক্রে, দলত্যাগের ঠিক এক মাসের মাথায়!

Advertisement

রাজ্যসভার পিটিশন কমিটি হল সংসদের উচ্চকক্ষের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। ভারতীয় নাগরিকদের পাঠানো বিভিন্ন অভিযোগ ও আবেদনপত্র পরীক্ষা এবং পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় প্রতিবিধানের সুপারিশ করা এই কমিটির কাজ। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন এই প্যানেলে ১০ জন সাংসদকে মনোনীত করেছেন। রাঘবকে করা হয়েছে কমিটির চেয়ারম্যান।

রাজ্যসভার সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঘব ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— হর্ষ মহাজন, গুলাম আলি, শম্ভুশরণ পটেল, ময়ঙ্ককুমার নায়ক, মস্তান রাও যাদব বীধা, জেবি ম্যাথুর হিশাম, সুভাষিশ খুন্তিয়া, রংওরা নারজারি এবং সন্দোষকুমার পি। অন্য একটি বিজ্ঞপ্তিতে রাজ্যসভার সচিবালয় জানিয়েছে, চেয়ারম্যান রাধাকৃষ্ণন তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামীকে কর্পোরেট আইন (সংশোধনী) বিল, ২০২৬ সম্পর্কিত যৌথ কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছেন।”

Advertisement

প্রসঙ্গত, গত মাসে রাঘবের সঙ্গে রাঘবের সঙ্গে আপ-এর যে রাজ্যসভা সাংসদেরা বিজেপিতে যোগদানের ঘোষণা করেছিলেন তাঁরা হলেন— প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্ত, বিক্রম সাহনে এবং স্বাতী মালিওয়াল। এর ফলে সংসদের উচ্চকক্ষে শাসকজোট এনডিএ-র সদস্যসংখ্যা দাঁড়াল ১৪৫-এ। ২৫০ আসনের রাজ্যসভায় যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার (১৬৩) চেয়ে মাত্র ১৮ কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement