দিল্লিতে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার বিমান। —ফাইল চিত্র।
এয়ার ইন্ডিয়ার বিমানে একই দিনে একই রুটে পর পর দু’বার অঘটন ঘটল। দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানের লেজ অবতরণের সময় ঘষটে গিয়েছিল রানওয়েতে। সন্ধ্যায় ওই বেঙ্গালুরু থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিনে দেখা গেল আগুনের ফুলকি। জরুরি পরিস্থিতিতে ওই বিমানটিকে অবতরণ করাতে হল। তবে দুই ক্ষেত্রেই যাত্রীরা সকলে নিরাপদে ছিলেন। কারও কোনও আঘাত লাগেনি। বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার এআই২৮০২ বিমানটি বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছেন, দিল্লিতে অবতরণের ঠিক আগে ইঞ্জিন থেকে আগুনের সতর্কবার্তা পান ককপিটে উপস্থিত কর্মীরা। যাচাই করে দেখা যায়, সতর্কবার্তার সত্যতা রয়েছে। এর পর সমস্ত নিয়মকানুন মেনে জরুরি ভিত্তিতে বিমানটিকে নামানো হয়। কারও কোনও আঘাত লাগেনি।
বিমান সংস্থার তরফে এক মুখপাত্র বলেন, ‘‘বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার পথে যে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা অবগত। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী ও বিমানকর্মী নিরাপদে রয়েছেন। আমরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। বিস্তারিত তথ্য পেলে জানিয়ে দেওয়া হবে।’’
এর আগে দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার এআই-২৬৫১ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন। অবতরণের সময় বেঙ্গালুরু বিমানবন্দরে ঘষটে যায় বিমানের লেজ। যাত্রীরা ভিতরে তীব্র ঝাঁকুনি অনুভব করেন। তবে নিরাপদেই সকলকে বিমান থেকে নামানো হয়। কারও কোনও আঘাত লাগেনি। কী কারণে দুর্ঘটনা ঘটলে, খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। যাত্রীদের কাছে তাঁরা ক্ষমা চেয়ে নিয়েছেন। ওই বিমানটিরই আবার দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তা বাতিল করা হয়। সংশ্লিষ্ট বিমানটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছে বলে সূত্রের খবর। একই দিনে সন্ধ্যায় ওই রুটের বিমানেই ফের আতঙ্কের পরিস্থিতি তৈরি হল।