FIFA World Cup 2026

‘মানুষ চেয়েছিল মারাদোনার মাথা ভেঙে দিই’, ‘হ্যান্ড অফ গড’ গোল নিয়ে বললেন শিলটন, ভুলতে চান ৪০ বছর আগের ঘটনা

৪০ বছর পর মেক্সিকোয় খেলতে নামছে ইংল্যান্ড। শেষ বার খেলেছিল ১৯৮৬ বিশ্বকাপ, যে বার দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোলে হেরেছিল। সেই ইংল্যান্ড দলের গোলকিপার পিটার শিলটন জানালেন, ওই ঘটনা তিনি ভুলে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২০:৪৯
Share:

মারাদোনার সেই হ্যান্ড অফ গড গোল। — ফাইল চিত্র।

দীর্ঘ ৪০ বছর পর মেক্সিকোয় খেলতে নামছে ইংল্যান্ড। শেষ বার তারা খেলেছিল ১৯৮৬ বিশ্বকাপ, যে বার দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোলে তাদের বিদায় নিতে হয়েছিল। সেই ইংল্যান্ড দলের গোলকিপার পিটার শিলটন জানালেন, ওই ঘটনা তিনি ভুলে গিয়েছেন। তবে এটুকু বলে মনে আছে, সেই ম্যাচের পর লোকে প্রশ্ন করেছিল, কেন তিনি মারাদোনার মাথা ভেঙে দেননি?

Advertisement

মেক্সিকোর বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের ম্যাচে ইংল্যান্ড নামার আগে ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন শিলটন। তাঁর কথায়, “আমি ব্যাপারটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি। ৪০ বছর হয়ে গিয়েছে। গত কয়েক বছরে অনেক বার বুয়েনোস আইরেস গিয়েছি। ওখানকার লোকেরা খুব ভাল ব্যবহার করেছে আমার সঙ্গে। কিন্তু ভেতরে ভেতরে এগিয়ে যাওয়াই ঠিক মনে করেছি। মারাদোনাও আজ আমাদের সঙ্গে নেই।”

ইংল্যান্ডের হয়ে ১২৫টি ম্যাচ খেললেও ওই একটি ঘটনা শিলটনের জীবনে কলঙ্কের সমান। তিনি বলেছেন, “এখনও লোকে আমাকে বলে, কেন সে দিন মারাদোনার মাথা আমি ভেঙে দিইনি বা ওকে বাইরে পাঠাইনি। ওরা আসলে পরিস্থিতি বুঝতে পারে না। ওটা করলে আমরা পেনাল্টি হজম করতাম এবং আমাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হত। আমি আগে বল লোফার চেষ্টা করেছিলাম। তাই মারাদোনা ঘুষি মেরে বল গোলে ঢুকিয়ে দেয়। না হলে হেডই করত।”

Advertisement

শিলটনের মতে, তাঁকে যে ভাবে সমালোচনা করা হয়েছিল তার কোনও দরকার ছিল না। কারণ ওই পরিস্থিতিতে সেকেন্ডের ভগ্নাংশ সময়ে সিদ্ধান্ত নিতে হয়। শিলটনের কথায়, “গোল বাঁচাতে গিয়ে যদি কারও সঙ্গে ধাক্কা লাগে তা নিয়ে ভাবি না। কিন্তু সেই পরিস্থিতিতে যদি কাউকে ফাউল করে বাইরে চলে যেতাম তা হলে খুব খারাপ গোলকিপিং হত। রেফারি এবং লাইন্সম্যান ছাড়া গোটা স্টেডিয়াম সে দিন হ্যান্ডবলটা দেখতে পেয়েছিল। আসলে জিততে দেওয়া হয়নি। সকলেই সত্যিটা জানে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement