ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাঝরাস্তায় দাঁড়িয়ে এসইউভির চালকের সঙ্গে ঝগড়া চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। গাড়ি থেকে নামছিলেন না এসইউভির চালক। গাড়ি থেকে না নেমেই রাগের চোটে ওই ব্যক্তিকে ‘শাস্তি’ দিলেন তিনি। তাঁকে ধাক্কা দিয়ে বনেটে উঠিয়ে দিলেন এসইউভির চালক। সেই অবস্থায় গাড়ি ছুটিয়ে এগিয়ে গেলেন কিছু দূর। সেই দৃশ্য এক প্রত্যক্ষদর্শীর নজরে পড়লে ঘটনাটির ভিডিয়ো তুলে রাখেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নন্দিনী লাক্সাকর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চলন্ত এসইউভির বনেটের উপর উপুড় হয়ে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। চিৎকার করে চালককে বার বার গাড়ি থামানোর জন্য অনুরোধ করছেন তিনি।
কিন্তু গাড়ির চালক সে কথা কানেই তুলছেন না। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে ঘটেছে। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়লে তা নজর কাড়ে বেঙ্গালুরু পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।