ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাস সময়মতো আসবে কি না, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তা-ই দেখছিলেন কয়েক জন যাত্রী। ঠিক তখনই বাসস্ট্যান্ডে একটি বাস তীব্র গতিতে ঢুকে পড়ল। বাসস্ট্যান্ডে ঢুকে না দাঁড়িয়ে সোজা উঠে পড়ল প্ল্যাটফর্মে। সেখানে দাঁড়িয়ে ছিলেন অপেক্ষারত যাত্রীরা। নিয়ন্ত্রণ হারিয়ে সেই যাত্রীদের চাকার তলায় পিষে দিল বাসটি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আড়াই বছরের এক শিশুও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বুধবার সকাল ৭টায় কর্নাটকের হাভেরি এলাকায় ঘটেছে। বাসটি হাভেরি থেকে লক্ষেশ্বরের উদ্দেশে রওনা দিচ্ছিল। বাসস্ট্যান্ডে প্রবেশ করার সময় আর গতি নিয়ন্ত্রণে ছিল না বাসটির। ঘটনাটির সিসিটিভি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ‘হেট ডিটেক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাসস্ট্যান্ডের প্ল্যাটফর্মে ব্যাগপত্র নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েক জন যাত্রী।
গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে একটি বাস বাসস্ট্যান্ডের ভিতর ঢুকে সোজা প্ল্যাটফর্মে উঠে পড়ে। বাসটিকে বেপরোয়া ভাবে আসতে দেখে প্ল্যাটফর্ম থেকে কয়েক জন সরে গিয়েছিলেন। কিন্তু বিপদ থেকে রক্ষা পেলেন না চার যাত্রী। চাকার তলায় পিষে গেলেন তাঁরা। সেই যাত্রীদের তালিকায় ছিলেন ৪৪ বছরের বাসুদেব, ৩৯ বছরের কাব্যাঞ্জলি এবং ছ’বছরের এক বালিকা।
তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আড়াই বছরের এক শিশুও ছিল সেখানে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর তার প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক দেখে তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই দুর্ঘটনা বাসের কোনও যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে না কি বাসচালকের গাফিলতির কারণে ঘটেছে তদন্তে নেমে তা খতিয়ে দেখছে কর্নাটক পুলিশ।