Viral Video

কেদারযাত্রার প্রথম দিনই চরম বিশৃঙ্খলা! ব্যরিকেড পেরিয়ে মন্দিরপ্রাঙ্গণে প্রবেশ তীর্থযাত্রীদের, ঝামেলা গড়াল হাতাহাতিতে

চলতি বছর কেদারযাত্রার প্রথম দিনের ভিড়ই শোরগোল ফেলে দিল সমাজমাধ্যমে। কেবল ভিড় নয়, মানুষের মধ্যে দেখা গেল বিশৃঙ্খলাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১১:২০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শুরু হয়ে গেল চলতি বছরের চারধাম যাত্রা। ভোলেবাবার ভক্ত তথা সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চারধাম যাত্রার মাহাত্ম্য বিশেষ। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ চারধাম যাত্রায় অংশগ্রহণ নেন। চারধামের মধ্যে কেদারনাথ ধাম অন্যান্য তিনটির তুলনায় একটু বেশিই জনপ্রিয়। তাই প্রতি বছর ভিড়ও হয় চোখে পড়ার মতো। তবে চলতি বছর প্রথম দিনের ভিড়ই শোরগোল ফেলে দিল সমাজমাধ্যমে। কেবল ভিড় নয়, মানুষের মধ্যে দেখা গেল বিশৃঙ্খলাও। লোহার ব্যারিকেড পেরিয়ে মন্দিরপ্রাঙ্গণে প্রবেশ করলেন মানুষজন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

২২ এপ্রিল ভক্তদের জন্য কেদারনাথ ধামের দরজা খোলা হয়েছে। চলতি বছর টোকেন ব্যবস্থার মাধ্যমে দর্শনার্থীদের ভৈরবনাথ দর্শনের সুযোগ করে দেওয়া হচ্ছে। কেদার দর্শনে যাওয়া ভক্তদের সেই টোকেনগুলি দেওয়া হচ্ছে। তাতে ক্রমিকসংখ্যা লেখা রয়েছে। লাইন দিয়ে সেই ক্রমিক অনুযায়ী ভক্তদের মন্দিরপ্রাঙ্গনে প্রবেশ করানো হচ্ছে। কেদারনাথ মন্দির কমিটির সভাপতি রাজকুমার তিওয়ারির দাবি, টোকেন ব্যবস্থা চালু করার ফলে ভক্তদের সুবিধাই হচ্ছে। তাঁর আরও দাবি, প্রশাসন ভিড় সামলাতে প্রস্তুত। ভক্তেরা নির্বিঘ্নে ভৈরবনাথের দর্শন করতে পারছেন। কেদারনাথ মন্দিরে সূত্রে খবর, দরজা খোলার প্রথম দিনই আনুমানিক ৩৮ হাজার ভক্ত কেদারনাথ দর্শন করেছেন যা এখনও পর্যন্ত সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। প্রথম চার দিনের মধ্যেই প্রায় ১ লক্ষ ২৫ হাজার ভক্ত কেদারযাত্রায় অংশ নিয়েছেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কেদারনাথ মন্দিরপ্রাঙ্গণে ব্যারিকেডের মাঝে সরু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন শয়ে শয়ে তীর্থযাত্রী। জায়গার পরিধি যতটা, তার চেয়ে অনেক গুণ বেশি লোক সেখানেই দাঁড়িয়ে ধস্তাধস্তি করছেন। কিছু মানুষ আবার ব্যারিকেড পেরিয়ে সেখানে ঢুকে আসছেন। এক তরুণ ব্যরিকেড পার করতে গিয়ে পড়লেন এক তরুণীর গায়ে। রেগে গেলেন তরুণী। একের পর এক চড় মেরে চললেন সেই তরুণকে। তরুণও মুখ বুজে তরুণীর কথা আর মার সহ্য করে নিলেন। কেদারনাথ যাত্রার বিশৃঙ্খলার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

‘ওয়েল্লু’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৮ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। দুই হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যবাক্সে লোকজনের আচরণ দেখে তীব্র নিন্দা করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভারতে আর এমন কোনও জায়গা বাকি নেই যেখানে পরিবার নিয়ে যাওয়া যাবে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ধৈর্য না থাকলে কেদারযাত্রা করা উচিত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement