Aroop Biswas in Lionel Messi Case

গ্রেফতারির আশঙ্কা! মেসিকাণ্ডে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, এফআইআর হয়েছে পাঁচটি ধারায়

যুবভারতীর ঘটনায় মেসির সফরের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হয়েছেন। শতদ্রুই অরূপ-সহ কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৩:২৩
Share:

যুবভারতীতে লিয়োনেল মেসির সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। —ফাইল চিত্র।

লিয়োনেল মেসির সফর ঘিরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আগেই। সেই ঘটনায় গ্রেফতারির আশঙ্কা করছেন অরূপ। এ বার আগাম জামিনের আবেদন জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হলেন। সোমবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।

Advertisement

যুবভারতীর ঘটনায় মেসির সফরের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হয়েছেন। শতদ্রুই অরূপ-সহ কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। গত শনিবার সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। জানা গিয়েছে, অরূপের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর হয়েছে। সেগুলি হল— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)। এফআইআর রুজুর খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন শতদ্রু নিজেই। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে তিনি ধন্যবাদও জানিয়েছিলেন।

মেসির সফরে যুবভারতীর অনুষ্ঠানের প্রচুর টিকিট শতদ্রুর কাছ থেকে অরূপ দাবি করেছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, টিকিট দেওয়া না হলে বা তাঁর কথা অমান্য করলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। শতদ্রুর দাবি, ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট নিয়েছিলেন অরূপ। পরে সেগুলি কালোবাজারি করা হয়। যুবভারতীতে মেসিদের ঘিরে যে ভিড় হয়েছিল, সেখানে মন্ত্রী, নেতা এবং তাঁদের ঘনিষ্ঠজনেরাই ছিলেন। অভিযোগ, অরূপকে কার্যত লেপ্টে থাকতে দেখা গিয়েছিল মেসির গায়ে।

Advertisement

শতদ্রুর দাবি, অরূপ-সহ প্রশাসনের কয়েক জনের ‘ভুলের’ কারণে মেসির অনুষ্ঠান ‘পণ্ড’ হয়ে গিয়েছে। অনুমতি ছাড়া অনেকে মাঠে প্রবেশ করেছিলেন। যাঁরা টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, তাঁদের কেউ মেসিকে দেখতেই পাননি। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে মেসিরা মাঠ ছাড়তে বাধ্য হন। যুবভারতীর এই ঘটনায় অরূপের ভূমিকা প্রথম থেকেই তীব্র সমালোচিত। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকেও তিনি অব্যাহতি নিয়েছিলেন তদন্ত শুরু হওয়ার পর। পুলিশ আদালতে জানিয়েছিল, ৩৫ হাজার দর্শক মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন। টিকিট বিক্রি হয়েছিল ১৯ কোটি টাকার। বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছে বিজেপি। তার পর নতুন করে মেসিকাণ্ড আলোচনায় উঠে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement