Advertisement

WB Election: দুবরাজপুরে দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে ধৃত বিজেপি নেতা, পাঠানো হল পুলিশি হেফাজতে

বিজেপি কর্মী-সমর্থকদের তাণ্ডবের কিছু ক্ষণ পরেই চাঞ্চল্যকর মোড় নেয় ওই ঘটনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১৯:১০
আদালতের পথে ধৃত বিজেপি নেতা দুলাল ডোম।

আদালতের পথে ধৃত বিজেপি নেতা দুলাল ডোম। নিজস্ব চিত্র।

বীরভূমের দুবরাজপুরে মঙ্গলবার দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল বিজেপি নেতাকে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দুলাল ডোম নামে বিজেপি-র ওই বুথ সভাপতিকে। বুধবার দুলালকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠান।

মঙ্গলবার সকালে দুবরাজপুর থানার লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেড়া গ্রামের বাসিন্দা প্রতিহার ডোমের দেহ উদ্ধার হয়। পতিহারের দেহ উদ্ধার করে আনতে গিয়ে বিজেপি কর্মী-সমর্থক এবং গ্রামবাসীদের একাংশের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশের অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়। বিজেপি-র অভিযোগ, তৃণমূল পতিহার ডোমকে খুন করেছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা দেহ আটকে বিক্ষোভ শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গেলে শুরু হয় খণ্ডযুদ্ধ। পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পাল্টা বিক্ষুদ্ধদের ইটবৃষ্টিতে জখন হন কয়েক জন পুলিশ কর্মী। সন্ধ্যায় পতিহারের দেহ হাতে পায় পুলিশ।

বিজেপি কর্মী-সমর্থকদের তাণ্ডবের কিছু ক্ষণ পরেই চাঞ্চল্যকর মোড় নেয় ওই ঘটনা। তাঁর স্বামীকে বিজেপি-র ফকিরবেড়ার বুথ সভাপতি দুলাল খুন করেছে বলে অভিযোগ তোলেন প্রতিহারের স্ত্রী জয়শ্রী। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল দুলাল। তাঁকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। দুলালের বক্তব্য, ‘‘কেন আমাকে গ্রেফতার করা হয়েছে তা জানি না। তদন্তে জানা যাবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy