Advertisement
E-Paper

‘আরে আমি কামিয়ে দিচ্ছি’, প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কাটতে বসে গেলেন বিজেপি প্রার্থী! ‘টক্কর’ হিরণকে

গত বিধানসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে এক ভোটারের গায়ে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী। ’২৬-এর নির্বাচনী প্রচারে বেরিয়ে এক ভোটারের দাড়ি কামাতে বসে গেলেন দুবরাজপুরের বিজেপি প্রার্থী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২০:২৮
BJP Candidate\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Vote Campaign

(বাঁ দিকে) বিজেপি প্রার্থী অনুুপকুমার সাহা দাড়ি কেটে দিচ্ছেন ভোটারের। ভোটারের গায়ে সাবান মাখিয়ে হাস্যমুখে হিরণ চট্টোপাধ্যায়। —নিজস্ব ছবি।

ভোট বড় বালাই। ভোটারের মন পেতে কত কী যে করতে হয়! সকাল থেকে বাড়ি-বাড়ি দৌড়, জনসংযোগ। তার ফাঁকে দলীয় মিটিং-মিছিল-ভাষণ তো রয়েইছে। কিন্তু শনিবার ভোটপ্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা যেটা করলেন, তার সঙ্গে তুলনা টানা যায় কেবল এবং কেবমাত্র হিরণ চট্টোপাধ্যায়ের।

গত বিধানসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে এক ভোটারের গায়ে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ। ’২৬-এর নির্বাচনী প্রচারে বেরিয়ে এক ভোটারের দাড়ি কামাতে বসে গেলেন দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ। তাঁর দাবি, প্রচারের নানা কৌশল, নানা রকম হয়। জনসংযোগই মুখ্য। তিনি সেটাই করেছেন।

শনিবার দুপুরে দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কুলেকুড়ি গ্রামে প্রচারে গিয়েছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। জনসংযোগ করতে করতে তিনি এগিয়ে যাচ্ছেন। হঠাৎ তাঁর নজর পড়ে এক প্রৌঢ়ের দিকে। তিনি হাতে সাবান এবং সেফটি রেজ়ার নিয়ে দাড়ি কামাতে যাচ্ছিলেন। কোট-পাঞ্জাবি-পাজামা পরিহিত বিজেপি প্রার্থী সোজা চলে যান ওই ব্যক্তির কাছে। গলার উত্তরীয়টা ঘুরিয়ে রেজ়ার তুলে নেন হাতে। তার পর রাস্তায় বসিয়ে প্রৌঢ়ের দাড়ি কেটে দেন অনুপ। সঙ্গে সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি প্রার্থীর সঙ্গীরা। প্রার্থীর রকম দেখে লজ্জায় লাল ভোটার। সদ্য চকচকে গালে হাত বোলাতে বোলাতে হেসে ফেলেন তিনি। বিজেপি প্রার্থীর মন্তব্য, ‘‘মানুষের হাতে অত সময় কই! সকলে ব্যস্ত। তাঁদের কাজের মধ্যেই নিজেদের প্রচার করে নিতে হবে।’’

গত বিধানসভা নির্বাচনে লালমাটির জেলা বীরভূমে ভাল ফল করেছিল তৃণমূল। তবে ব্যতিক্রম ছিল দুবরাজপুর। অনুব্রত মণ্ডল-কাজল শেখের জেলার একমাত্র ওই আসনে পদ্ম ফুটেছিল। এ বারের বিধানসভা ভোটে প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউড়িকে প্রার্থী করেছে তৃণমূল। তিনিও প্রচারে নেমে পড়েছেন। অন্য দিকে, বিজেপি বিদায়ী বিধায়ক অনুপকেই আবার টিকিট দিয়েছে। তাঁর কথায়, ‘‘তৃণমূল কাকে প্রার্থী করল তাতে আমাদের কিছু যায়-আসে না। দুবরাজপুরের মানুষ গত নির্বাচনে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। এ বার তো গোটা রাজ্যের মানুষ এই সরকারকে উৎখাত করবে।’’

BJP Candidate dubrajpur TMC BJP Birbhum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy