E-Paper

দিল্লি ডায়েরি: কার বলে আউট হলেন ইউসুফ পঠান

জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা সৈয়দ রুহুল্লা মেহদী জানিয়েছেন, বহরমপুরের সাংসদ, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পঠানও বিক্ষোভ দেখাচ্ছিলেন। সে সময় এক মুসলিম সাংসদ পাঠানকে সাবধান করে বলেন, কেন বিজেপির সঙ্গে শত্রুতা বাড়াচ্ছেন!

প্রেমাংশু চৌধুরী, অনমিত্র সেনগুপ্ত, অগ্নি রায়

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৪:৫৭

গত বছরের শেষে সংসদের শীতকালীন অধিবেশনের কথা। গোটা বিরোধী শিবির এসআইআর নিয়ে লোকসভায় বিক্ষোভ দেখাচ্ছিল। শামিল তৃণমূলের সাংসদেরা। সেই সময়ের এক অভিনব ঘটনা প্রকাশ্যে এসেছে। জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা সৈয়দ রুহুল্লা মেহদী জানিয়েছেন, বহরমপুরের সাংসদ, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পঠানও বিক্ষোভ দেখাচ্ছিলেন। সে সময় এক মুসলিম সাংসদ পাঠানকে সাবধান করে বলেন, কেন বিজেপির সঙ্গে শত্রুতা বাড়াচ্ছেন! পাঠানের গুজরাতের বাড়িতে বিজেপি বুলডোজ়ার চালিয়ে দিতে পারে! শুনে ভয় পেয়ে পঠান সরে আসেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, সেই সাংসদ ছিলেন আসাদুদ্দিন ওয়েইসি। মহুয়াই পাঠানকে ভীত দেখে সাহস জোগান। কালের নিয়মে পাঠান বিদ্রোহী সাংসদদের দলে। মেহদীর আফসোস, তৃণমূল সে দিন পাঠানের পাশে ছিল। এখন পাঠান তৃণমূলের পাশে রইলেন না।

লক্ষ্য: ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচারের সময় ইউসুফ পঠান।

লক্ষ্য: ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচারের সময় ইউসুফ পঠান।

বন্দুক হাতে

অপারেশন লোটাস-এ তছনছ তৃণমূল। অভিযোগ, বহু সাংসদকে স্রেফ ভয় দেখিয়ে নিজ পক্ষে টেনেছে শাসক শিবির। এই আবহেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, জানিয়েছেন কীর্তি আজ়াদ। দাবি, অন্যদের মতো হুমকি পেয়েছেন, কিন্তু দমেননি। বন্দুক নিয়ে বাড়ি পাহারা শুরু করেছেন। যদিও এয়ারগান! তাঁর বক্তব্য, ভয় দেখাতে এলে অন্তত ছররার স্বাদ তো পাবে!

মানুষ মানুষের জন্য

মোদী সরকারের ১২ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে কেন্দ্রের কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান তাঁর রাজ্য মধ্যপ্রদেশের অনুষ্ঠানে গিয়েছিলেন। ঘোষক শিবরাজকে যখন মঞ্চে বক্তৃতা করতে আহ্বান জানালেন, তখন তাঁর সম্মানে উপস্থিত জনতাকে উঠে দাঁড়াতে বলেছিলেন। তাতে শিবরাজ ঘোর আপত্তি জানিয়েছেন। বলে এসেছেন, জনতা কি মূর্খ যে, বার বার উঠে দাঁড়াবে! তিনি মন্ত্রী, জনতার সেবক। তাই তিনি দাঁড়াবেন। জনতা শুধু তাঁর সঙ্গে গলা মিলিয়ে ভারতমাতার নামে জয়ধ্বনি দেবে।

কৃষক নেতার সন্ধানে

উত্তরপ্রদেশের নির্বাচন কড়া নাড়তে শুরু করেছে। বিরোধীরা তুরুপের তাস হিসাবে তাকাচ্ছেন কৃষক সম্প্রদায়ের দিকে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির রাজ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তা হলেও হবে কতিপয় আসনে। শোনা যাচ্ছে, উভয় দলই পৃথক পৃথক ভাবে ঝাঁপ দিয়েছে কৃষক নেতার সন্ধানে। তিন কৃষি আইন ফিরিয়ে নেওয়ার দাবিতে দিল্লির সীমান্তে মাসের পর মাস রোদ জল ঝড়ে যাঁরা কেন্দ্র বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, পশ্চিম উত্তরপ্রদেশের সেই সব নেতার মধ্যে থেকে এক জনপ্রিয় মুখের সন্ধান চলছে, যাঁকে দলে যুক্ত করা হবে এবং সামনে রেখে কিছু আসনে ভোট করানো হবে। গুঞ্জন, উভয় দলই এই একই বিষয় নিয়ে কথাবার্তা শুরু করেছেন আন্দোলনের নেতাদের সঙ্গে।

জাহাজডুবির পরে

প্রায় চারশো বছর আগে ভারতকে খুঁজে বার করতে সুদূর ডেনমার্ক থেকে রওনা দিয়েছিল ওরেসান্দ নামে একটি জাহাজ। পুদুচেরির কাছে করাইকলে ১৬১৯ সালে সেই জাহাজ ভারতীয় জলসীমায় পৌঁছেও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মাটিতে নোঙর করার আগেই করাইকলে সেই জাহাজ ডুবে যায়। এই ঘটনার ৪০৭ বছর পরে ওরেসান্দ জাহাজের ভগ্নাবশেষ খুঁজে বার করতে হাত মেলাল ভারতের আর্কিয়োলজিক্যাল সার্ভে ও কোপেনহাগেনের ন্যাশনাল মিউজ়িয়াম। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের জলমগ্ন ক্ষেত্রের শাখা (আন্ডারওয়াটার ডিপার্টমেন্ট) ওই ধ্বংসাবশেষের খোঁজ করবে। এই গবেষণা ভারত ও ডেনমার্কের মধ্যে সামুদ্রিক পথ, ভারত মহাসাগর ধরে দু’দেশের ব্যবসা ও পারস্পরিক যোগাযোগের দিকগুলি তুলে ধরতে সাহায্য করবে।

নিমজ্জিত: চারশো বছর আগে ডোবা ডেনমার্কের জাহাজের সন্ধান শুরু হবে।

নিমজ্জিত: চারশো বছর আগে ডোবা ডেনমার্কের জাহাজের সন্ধান শুরু হবে।

ত্রিকোণ প্রেম

সাধারণ মানুষের সঙ্গে সংযোগ করবেন বলে দিল্লির স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী আশিস সুদ সম্প্রতি চড়েছিলেন ভরা মেট্রো রেলে। পথচারীদের সঙ্গে দিল্লির স্ট্রিট ফুড নিয়ে গল্পগাছা করতে করতে সফর করলেন তিনি। আলোচনায় বিশেষ করে উঠল সামোসার কথা, যা নাকি সুদের মনপসন্দ খানা। অন্যদের প্রিয় সড়ক-খাদ্যেরও খোঁজ নিলেন সুদ। যেই কেউ সামোসার কথা বলছেন মন্ত্রীর হাসি চওড়া হচ্ছে, কারণ সেটা তাঁরও দুর্বলতার স্থান।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Delhi Diary Yusuf Pathan TMC Indian Parliament Lok Sabha BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy