এ বার রাজ্যের একঝাঁক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে অপসারণ করল নির্বাচন কমিশন। এ ছাড়াও, কলকাতার দুই ডিইও-কেও সরিয়ে দেওয়া হল। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কমিশন।
বুধবারই রাজ্যের পাঁচ ডিআইজি পদাধিকারীকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল কমিশন। তার ঘণ্টাখানেকের মধ্যেই এ বার জেলাশাসকদেরও অপসারণ করা হল। নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের ১১ জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করার বিষয়ে। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। প্রত্যেকেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন।
কোচবিহারে জিতেন যাদবকে নতুন জেলাশাসক করা হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক হলেন সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রাজনবীর সিংহ কপূর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে স্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনায় শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিঙে হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যমকে জেলাশাসক নিযুক্ত করা হয়েছে।
এ ছাড়াও, কলকাতার দুই নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে বদল করেছে কমিশন। দিনকয়েক আগেই উত্তর কলকাতার ডিইও হিসাবে পুরসভার কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ডিইও হিসাবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে নিয়োগ করে কমিশন। তবে কলকাতার ক্ষেত্রে নিয়মটা আলাদা। কলকাতায় জেলাশাসক না-থাকায় কোনও দফতরের আইএএস পদমর্যাদার আধিকারিককে ওই দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ, নির্দিষ্ট কোনও পদাধিকারীর উপর দায়িত্ব থাকত না। তবে কমিশন জানায়, এ বার থেকে পুরসভার কমিশনারই উত্তর কলকাতার ডিইও নিযুক্ত হবেন। বুধবার পুর কমিশনার সুমিত গুপ্তের জায়গায় দায়িত্ব দেওয়া হল স্মিতা পাণ্ডেকে। আর দক্ষিণ কলকাতায় নতুন ডিইও করা হয়েছে রণধীর কুমারকে। কমিশন জানিয়েছে অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করা হবে। বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে এই আধিকারিকদের কাজে যোগদানের সম্মতিসূচক রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। যে আধিকারিকদের পদ থেকে সরানো হল, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না-হওয়া পর্যন্ত তাঁদের ভোট সংক্রান্ত কোনও কাজে নিযুক্ত করা যাবে না।
আরও পড়ুন:
বুধবার প্রথমে রাজ্যের পাঁচ ডিআইজি-কে অপসারণের নির্দেশিকা জারি করেছিল কমিশন। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের আনা হয়েছে। সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার পদেও। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে মঙ্গলবার একধাক্কায় রাজ্যের ১২ জন পুলিশ সুপারকে বদলে দেয় কমিশন। সরানো হয় কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও। এ ছাড়া চার পুলিশ কমিশনারেটের কমিশনার, এডিজি পদমর্যাদার দু’জন কর্তাকেও সরিয়ে দেয় কমিশন।