জি৭ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা একে অপরের সঙ্গে করমর্দন করছেন। হালকা মেজাজে কথাবার্তা বলছেন। সেখানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই জটলায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাজির হতেই মোদী এগিয়ে যান। দুই রাষ্ট্রনেতার সংক্ষিপ্ত কথোপকথন নজর কেড়েছে সকলের। সমাজমাধ্যমে তাঁদের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ইনস্টাগ্রামে মেলোনির সঙ্গে তাঁদের জুটির জনপ্রিয়তার কথাই বলেন মোদী!
মঙ্গলবার ফ্রান্সে জি৭ সম্মেলনে মিলিত হয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। সম্মেলনের ফাঁকে তাঁরা একই মঞ্চে নিজেদের মধ্যে আলাপচারিতা সেরে নেন। ‘গ্রুপ ফটো’ তোলেন। ছবি তোলার সময় যখন রাষ্ট্রনেতারা লাইন দিয়ে দাঁড়াচ্ছিলেন তার ঠিক আগে মোদী-মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানান। করমর্দন করেন দু’জনে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁরা দু’জনে কিছু কথা বলছেন। তবে কী কথা হয়েছে, তা খুব স্পষ্ট নয়। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মেলোনি-মোদী জনপ্রিয়তা নিয়ে কথা হয়েছে। মোদীর কথার জবাবে মেলোনিকে বলতে শোনা গিয়েছে, ‘‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি।’’
মাসখানেক আগে ইটালি সফরে মেলোনির সঙ্গে মোদীর ‘রসায়ন’ আলোচনায় ছিল। মেলোনিকে এক প্যাকেট মেলোডি চকোলেট উপহার দিয়েছিলেন মোদী। চকোলেট উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি হালকা মেজাজের ভিডিয়ো পোস্ট করেছিলেন ইটালির প্রধানমন্ত্রী। সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন মোদী এবং মেলোনি। একটি মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন দু’জনে। দু’জনেই হাসছেন। ভিডিয়োয় মেলোনিকে বলতে শোনা যায়, ‘‘প্রধানমন্ত্রী মোদী উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি।’’ এর পর দু’জনেই আবার হেসে ওঠেন।
আরও পড়ুন:
২০২৩ সালে মোদী-মেলোনির দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই নেটদুনিয়ায় তাঁদের জুটির সঙ্গে জুড়েছে ‘মেলোডি’ নামটা। ২০২৪ সালে মোদীর সঙ্গে একটি নিজস্বী পোস্ট করে ‘মেলোডি’ শব্দের উল্লেখ করেছিলেন ইটালির প্রধানমন্ত্রী। ২০২৫ সালের জুনে জি৭ সম্মেলনের ফাঁকেও মোদী-মেলোনির ভিডিয়ো ভাইরাল হয়েছিল। নেটদুনিয়ায় আলোচনা হয় ‘মেলোডি’ নিয়ে। শুধু তা-ই নয়, বিভিন্ন বিশ্বমঞ্চে দুই রাষ্ট্রনেতার উপস্থিতি, তাঁদের আলাপচারিতা নিয়ে কম আলোচনা হয়নি। ফ্রান্সে ২০২৬ সালের জি৭ সম্মেলনেও সেই আলোচনা আবার ফিরে এল।
কূটনৈতিক মহলের মতে, মোদী-মেলোনির সম্পর্ক নিছক ছবি বা ভিডিয়োয় সীমাবদ্ধ নয়। এই সম্পর্ক ইটালি এবং ভারতের চলমান বিদেশনীতির অংশ। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ইটালি। উভয় দেশই ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের জন্য কাজ করছে।