Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গের ভোটে আনা হচ্ছে কাশ্মীর এবং মণিপুর সামলানো ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! বুধে নামবেন ৩০,০০০ জওয়ান

গত বারের মতোই এ বারেও প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ করা হবে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও রকম ঝুঁকি নেওয়া হবে না এবং ভোটারদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৭:১০
Election Commission to deploy central forces brought from Jammu and Kashmir and Manipur for West Bengal assembly polls

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জম্মু-কাশ্মীর থেকে কেন্দ্রীয় বাহিনী আনছে নির্বাচন কমিশন। রাজ্যের ভোটে বাহিনী আসছে মণিপুর থেকেও। কাশ্মীর এবং মণিপুর মিলিয়ে ২০০ কোম্পানির বেশি বাহিনী ভোটের কাজে পশ্চিমবঙ্গে আসছে। কমিশন সূত্রে খবর, আপাতত পরিকল্পনা করা রয়েছে দু’দফায় জম্মু-কাশ্মীর থেকে মোট ১৭৪ কোম্পানি বাহিনী আনা হবে। আর মণিপুর থেকে ৩৩ কোম্পানি বাহিনী আনা হচ্ছে। অন্য দিকে, মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরুর পরের দিনই রাজ্যে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন।

এ রাজ্যের বিধানসভা ভোটে মোট ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই রাজ্যে ২৮০ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। তারা মূলত রুটমার্চ, এলাকায় টহলদারির কাজ করছে। মঙ্গলবার রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি। জওয়ান এবং কর্মী মিলিয়ে এক কোম্পানিতে ১০০ থেকে ১২০ জন করে সদস্য থাকবেন। বুধবার থেকেই তাঁদের ভোটের কাজে ব্যবহার করবে কমিশন।

মঙ্গলবারের পর আবার ৭ এপ্রিল রাজ্যে আর এক দফায় কেন্দ্রীয় বাহিনী আসবে। কমিশন সূত্রে খবর, ওই দিন ৩০০ কোম্পানি বাহিনী আসার কথা। তার মধ্যে ১০৭ কোম্পানিই আসবে কাশ্মীর থেকে। এত দিন তারা কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব সামলেছিল। তার পরে ১০ এপ্রিল আরও এক দফায় কেন্দ্রীয় বাহিনী আসার কথা। তার মধ্যে মণিপুর থেকেই ৩৩ কোম্পানি বাহিনী আনা হচ্ছে।

মঙ্গলবার যে ৩০০ কোম্পানি বাহিনী আসবে তার মধ্যে থাকবে ১২৫ কোম্পানি সিআরপিএফ। এ ছাড়াও, ১০০ কোম্পানি সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ), সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি-র ২৫ কোম্পানি।

গত বারের মতোই এ বারেও প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা সংখ্যা ৮০ হাজারের বেশি। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও রকম ঝুঁকি নেওয়া হবে না এবং ভোটারদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। উল্লেখ্য, দিন কয়েক আগেই নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। প্রতি দফায় প্রায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রাথমিক রূপরেখা তৈরি করে তারা। কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণে মোট কত বাহিনী প্রয়োজন, তা নিয়েই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনাও হয়।

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে সোমবারই।

central force Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy