Advertisement
E-Paper

অভিন্ন দেওয়ানি বিধি: প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব পাস মন্ত্রিসভায়, আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী

গত সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউসিসি প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ২২:২৭

—প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে আরও একধাপ এগোল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ‘অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ ২০২৬’ নামক প্রস্তাবিত খসড়া বিলটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। বৈঠক শেষে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিক ভাবে সাংবাদমাধ্যমকে জানান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই তাঁর রিপোর্ট পেশ করার পর, রাজ্য সরকার সেটি পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখবে এবং তার পরই বিলটি বিধানসভায় পেশ করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে।

গত সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউসিসি প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটি চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে। এ ছাড়া কমিটিতে এক জন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, এক জন আইন বিশেষজ্ঞ, এক জন শিক্ষাবিদ, এক জন সমাজকর্মী এবং রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের এক জন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে থাকবেন। প্রশাসনিক কাজকর্মের জন্য ওই অতিরিক্ত সচিবই কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী অগস্ট মাসেই সেই সুপারিশের ভিত্তিতে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। তবে প্রস্তাবিত আইনের আওতার বাইরে রাখা হবে রাজ্যের আদিবাসী, মূলবাসী, কুড়মি এবং অন্যান্য স্বীকৃত প্রাচীন জনজাতি সম্প্রদায়কে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, উত্তরাখণ্ড ও গুজরাতের মডেল অনুসরণ করেই এই ব্যতিক্রম রাখা হচ্ছে।

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন। সম্প্রতি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজ্য সরকারের স্পষ্ট ও দৃঢ় অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্কল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই দিন শুভেন্দু জানিয়েছিলেন, তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে অভিন্ন দেওয়ানি বিধি ছিল অন্যতম, তাই তা কার্যকর করতে বদ্ধপরিকর তাঁর সরকার। সেই অবস্থানকে বাস্তব রূপ দিতেই এবার দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছে নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, কমিটি চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিলে, তা খতিয়ে দেখে আগামী অগস্ট মাসেই রাজ্য বিধানসভায় এই বিলটি পেশ করা হতে পারে।

UCC Suvendu Adhikari West Bengal government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy