E-Paper

সিংহ আঁকবে কে, দেওয়াল খালি ফব-র

পেশাদার শিল্পীর অভাবে বীরভূমের দুবরাজপুর ও নলহাটি আসনে ফব প্রার্থী বিজয় বাগদি এবং নলহাটির দীপক চট্টোপাধ্যায়ের দেওয়াল-প্রচার শুরু হয়নি। দীপকের কথায়, ‘‘কলকাতা থেকে শিল্পী আনিয়ে এক দিনের জন্যও হলেও কয়েকটি সিংহ আঁকানোর চেষ্টায় আছি।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৮:০৯
সিংহ আঁকার লোক নেই। বীরভূমের নলহাটিতে দেওয়াল এখনও ফাঁকা।

সিংহ আঁকার লোক নেই। বীরভূমের নলহাটিতে দেওয়াল এখনও ফাঁকা। ছবি: রিন্টু পাঁজা।

জমানা বদলেছে, প্রতাপ কমেছে। পুরনো অভ্যাস না ভুলে নরেন চট্টোপাধ্যায়েরা বামফ্রন্টের মধ্যে এখনও গর্জান! কিন্তু দলের নির্বাচনী প্রতীক সিংহের তেজ, চেহারা অনেকটাই ম্রিয়মান! বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরে উত্তর থেকে দক্ষিণে ফরওয়ার্ড ব্লক (ফব) প্রার্থীদের বড় অংশের প্রশ্ন, দেওয়ালে সিংহের ছবি আঁকবে কে!

পেশাদার শিল্পীর অভাবে বীরভূমের দুবরাজপুর ও নলহাটি আসনে ফব প্রার্থী বিজয় বাগদি এবং নলহাটির দীপক চট্টোপাধ্যায়ের দেওয়াল-প্রচার শুরু হয়নি। দীপকের কথায়, ‘‘কলকাতা থেকে শিল্পী আনিয়ে এক দিনের জন্যও হলেও কয়েকটি সিংহ আঁকানোর চেষ্টায় আছি।’’ দলের রাজ্য সভাপতি তথা বাঁকুড়ার নেতা অনাথ মল্ল বলছেন, ‘‘এখন শিল্পী হাতে গোনা কয়েক জন। তাঁদের নিয়েই কাজ চালাতে হচ্ছে।’’

ফব-র দলীয় পতাকায় থাকা লাফানোর ভঙ্গিতে বাঘ এবং নির্বাচনের প্রতীক সিংহ, দুই-ই আঁকা কঠিন। সাম্প্রতিক কালের নির্বাচনে তা নিয়ে সমস্যায় সমস্যায় পড়ে এ বার বিধানসভা ভোটের আগে, জেলা স্তরে কর্মশালার আয়োজন করেছিলেন ফব নেতৃত্ব। সেখানে দেওয়ালে সিংহ আঁকার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই কর্মীরা জেলার বিভিন্ন জায়গায় গিয়ে সিংহ এঁকে দিচ্ছেন। কিন্তু তা অপর্যাপ্ত। দলের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘জেলা সদরে আমরা একটা কর্মশালা করেছিলাম সিংহ আকাঁর জন্য। সেখানে শিখে-পড়ে নিয়ে কর্মীরা জেলার বিভিন্ন কেন্দ্রে সিংহ আঁকার চেষ্টা করছেন।’’

কেমন হচ্ছে চেষ্টা? হুগলির গোঘাটের ফব প্রার্থী মুক্তারাম ধাউড়ের দেওয়াল লিখনে একটি জন্তুর আকৃতি বানিয়ে ‘সিংহ’ চিহ্নে ভোট দিতে আহ্বান জানানো হচ্ছে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ফব প্রার্থী জুবের আলম ও চাকুলিয়ার প্রার্থী আমজাদ আলি জানাচ্ছেন, সি‌ংহ আঁকাতে শিল্পী খোঁজা হচ্ছে। না পেলে কম্পিউটারের সাহায্যে তৈরি ফ্লেক্স ও ফেস্টুনের উপরে জোর দেওয়া হবে। কোচবিহারে তিন আসনে প্রার্থী আছে ফব-র। কিন্তু দেওয়ালে সিংহ নেই।

পুরুলিয়ার ঝালদার উদয়সিরু গ্রামের ফব কর্মী নিশীনাথ মাহাতোর নিজের কেন্দ্র বাঘমুণ্ডি ছাড়া, জয়পুরেও সিংহ আঁকার ডাক পেয়েছেন। বলছেন, ‘‘দেওয়ালে সিংহ আঁকা মোটেই সহজ কাজ নয়। শিল্পী কম।’’ দুবরাজপুরের সন্তোষ দে বলেন, ‘‘অন্য দলের দেওয়াল লিখতে যে সময় লাগে, ফব-র দেওয়াল লিখতে তার চার গুণ বেশি সময় লাগে। কারণ, সিংহ তো সিংহের মতোই হতে হবে!’’ হাওড়ার পাঁচলার শিক্ষাকর্মী বলরাম সর্দার দক্ষ শিল্পী। বলরামের মতে, ‘‘সিংহের বীরত্ব ফুটিয়ে তুলতে হবে। এটা শিল্পীর নিজের ধারণার উপরে নির্ভর করে।’’

বাম জমানায় ভোটের সময়ে খড়-মাটি দিয়ে তৈরি সিংহের প্রতিকৃতি ব্যবহার করা হত। দলের রাজ্য দফতর হেমন্ত বসু ভবনেও শোভা পেত তেমন সিংহ। এখন সিংহ আঁকা স্টিকার প্রচারে ব্যবহৃত নানা জায়গায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Forward Bloc Left Front

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy