Advertisement

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপই সার, নন্দলাল বসুর নাতিকে সস্ত্রীক ফিরিয়ে দেওয়া হল বুথ থেকে, ট্রাইবুনালের রায়ও গেল বিফলে

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ট্রাইবুনালের রায়, সব কিছুর পরেও শেষ পর্যন্ত ভোট দেওয়া হল না চিত্রকর নন্দলাল বসুর নাতি এবং তাঁর স্ত্রীর। বোলপুরের ভোটকেন্দ্র থেকেই বাড়ি ফিরে যেতে হল তাঁদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১২:২০
(বাঁ দিকে) নন্দলাল বসু এবং তাঁর নাতি সুপ্রবুদ্ধ সেন (ডান দিকে)।

(বাঁ দিকে) নন্দলাল বসু এবং তাঁর নাতি সুপ্রবুদ্ধ সেন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ট্রাইবুনালের রায়, সব কিছুর পরেও শেষপর্যন্ত ভোট দেওয়া হল না চিত্রকর নন্দলাল বসুর নাতি এবং তাঁর স্ত্রীর। বৃহস্পতিবার বোলপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাঁরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেনকে ওই বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দু’জনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালে সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়।

সেটা করার পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাঁদের বলা হয় সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। বৃদ্ধ দম্পতি বোলপুর থেকে আর সিউড়ি যাওয়ার ধকল নিতে চাননি। ভোট না-দিয়েই ফিরে যান তাঁরা।

Advertisement

এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ এবং তাঁর স্ত্রী দীপার। ট্রাইবুনালে নাম তোলার আর্জি জানিয়েছিলেন অশীতিপর এই দম্পতি। এপ্রিলের গোড়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, নন্দলাল বসুর নাতির করা আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।

এসআইআর পর্ব শুরু হওয়ার পর শুনানিতে ওই দম্পতিকে ডেকে পাঠানো হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, সেই সময় শুনানিতে হাজিরা দিয়ে যাবতীয় নথি জমা করে এসেছিলেন সুপ্রবুদ্ধরা। যদিও পরে যখন এসআইআরের তালিকা প্রকাশ হয়, তখন দেখা যায় ওই দম্পতির নাম রয়েছে বিবেচনাধীন ভোটারদের তালিকায়। বিচারকেরা সেই তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তি করছেন। দেখা যায়, সুপ্রবুদ্ধ এবং তাঁর স্ত্রীর নাম জায়গা পায়নি ভোটার তালিকায়। তার পর তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত ট্রাইবুনালকে প্রবুদ্ধদের আবেদনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। তার পর অবশ্য ট্রাইবুনালের নির্দেশে ওই বৃদ্ধ দম্পতির নাম ভোটার তালিকায় উঠেছে বলে জানা গিয়েছিল। কিন্তু এত কিছুর পরও ভোট দিতে পারলেন না তাঁরা।

তবে এই খবর সম্পচারিত হওয়ার পর প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে বলে খবর। প্রশাসনিক সূত্রে খবর, এই বিষয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

SIR First Phase Vote Nandalal Bose ECI Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy