Advertisement
E-Paper

‘মা মরে গেছে’! আত্মীয়দের ডেকে দেখাল ৪ বছরের খুদে, মহারাষ্ট্রে গাড়ির ভিতরে উদ্ধার মহিলা এবং চালকের দেহ, মৃত্যু ঘিরে রহস্য

বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের বদলাপুরে একটি গাড়ির ভিতর থেকে ওই মহিলা এবং চালকের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:৫৭
ছবি: এআই সহায়তায় প্রণীত।

ছবি: এআই সহায়তায় প্রণীত।

দৌড়োতে দৌড়োতে এক আত্মীয়ের বাড়িতে ঢুকেছিল চার বছরের এক খুদে। আত্মীয়কে দেখামাত্রই কাঁদতে কাঁদতে বলে, ‘‘ওই দেখো মা ওখানে মরে গেছে। চলো না তাড়াতাড়ি।’’ খুদের মুখে এ রকম কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন ওই আত্মীয়। প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি। কিন্তু খুদের জোরাজুরিতে তিনি তার সঙ্গে যেতে রাজি হয়ে যান। ওই আত্মীয়ের বাড়ি থেকে কিছুটা দূরে একটি সাদা রঙের গাড়ি দাঁড় করানো ছিল।

আত্মীয়কে ওই গাড়ির কাছে নিয়ে যায় শিশুটি। গাড়ির কাছে গিয়ে ভিতরে উঁকি মারতেই আঁতকে উঠেছিলেন আত্মীয়। শিশুটির কথাই যে সত্যি! আত্মীয় দেখেন গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শিশুটির মা। তাঁর পাশে এক ব্যক্তির নিথর দেহ। গাড়ির ভিতরে দু’জনের দেহ উদ্ধারের কথা এলাকায় জানাজানি হতেই হুলস্থুল পড়ে যায়। স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের বদলাপুরে একটি গাড়ির ভিতর থেকে ওই মহিলা এবং চালকের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বদলাপুরের জুয়েলি এলাকায় গত তিন মাস ধরে থাকছিলেন মহিলা। পুলিশ জানিয়েছে, গাড়িচালকের নাম গণেশ শিন্দে। তিনি মুম্বইয়ের ঘাটকোপারের বাসিন্দা। দু’জনের দেহেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

শিশুটির বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার কথা শুনে পুলিশের সন্দেহ, শিশুটির সামনেই সমস্ত ঘটনা ঘটেছে। শিন্দে ওই মহিলাকে খুন করার পর আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ। তবে মহিলার সঙ্গে শিন্দের কী সম্পর্ক ছিল, তা স্পষ্ট নয়। মহিলার আত্মীয়দের দাবি, শিন্দেকে তাঁরা আগে কোনও দিন দেখেননি। ফলে এখানেই রহস্য বাড়ছে। দু’জনের মধ্যে কোনও সম্পর্ক ছিল কি না, থাকলে সেই সম্পর্কের কোনও টানাপড়েন চলছিল কি না, সব কিছু খতিয়ে দেখা হবে বলে তদন্তকারী সূত্রের খবর।

Maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy