এপ্রিলে দু’দফায় বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। কিন্তু কর্মসূত্রে হোক বা অন্য কোনও কারণে, যাঁরা ভিন্রাজ্যে থাকেন, তাঁরা ভোটের সময় যাতে এ রাজ্যে ফিরতে পারেন, তার জন্য একগুচ্ছ বিশেষ ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। দক্ষিণ হোক বা উত্তর ভারত— দেশের নানা প্রান্ত থেকে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। আবার পশ্চিমবঙ্গ থেকেও কেউ যদি ভিন্রাজ্যে যেতে চান, তার সুবিধাও থাকছে।
রেল জানিয়েছে, ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ২৮টি বিশেষ ট্রেন চালানো হবে। কোনও ট্রেন সাপ্তাহিক, আবার কয়েকটি ট্রেন মিলবে সপ্তাহে দু’বারও। পটনা, হাজিপুর, অসম, মুম্বই, ওড়িশা, সেকেন্দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর, রায়পুর, তিরুঅনন্তপুরম-সহ দেশের নানা প্রান্ত ছুঁয়ে যাবে এই বিশেষ ট্রেনগুলি। কোনও ট্রেন ছাড়বে হাওড়া, কোনওটা আবার কলকাতা স্টেশন থেকে।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল এ রাজ্যে ভোটগ্রহণ। শুধু পশ্চিমবঙ্গে নয়, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতেও ভোট রয়েছে এপ্রিলেই। রেল সূত্রে খবর, সেই সব রাজ্যের কোনও বাসিন্দা যদি পশ্চিমবঙ্গে থাকেন, তবে নির্বাচনের সময়ে তাঁরাও বাড়ি ফিরে যাতে ভোট দিতে পারেন, সে ভাবেই বিশেষ ট্রেনের রুট ঠিক করা হয়েছে।
আরও পড়ুন:
কোন কোন রুটে চলবে ‘স্পেশ্যাল’ ট্রেনগুলি? জানা গিয়েছে, আপ-ডাউন হাওড়া-পটনা, লাল কুঁয়া-কলকাতা, ডিব্রুগড়-কলকাতা, সাঁতরাগাছি-মুম্বই, শালিমার-বিশাখাপত্তনম, কানপুর সেন্ট্রাল-কলকাতা, চণ্ডীগড়-সাঁতরাগাছির মধ্যে ট্রেন চলবে। কিছু ট্রেন আবার উত্তরবঙ্গ থেকেও মিলবে। সূচি অনুযায়ী, বেঙ্গালুরু থেকে মালদহ টাউন থেকেও বিশেষ ট্রেন চলবে।