কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণে সমস্যা। ঝড়বৃষ্টির কারণে বিমান নামতেই পারছিল না। প্রায় দেড় ঘণ্টা ধরে বিমানটি আকাশে চক্কর কাটে। মাঝ-আকাশে আটকে পড়েন মুখ্যমন্ত্রী। বিকেল ৫টা ১৯ মিনিট নাগাদ বিমান অবতরণ করেছে।
নির্বাচনী প্রচার শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মমতা। ছোট প্রাইভেট জেটে রয়েছেন তিনি। ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে তাঁর বিমানটি যাত্রা শুরু করে। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা অবতরণ করতে পারেনি। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল বিমানবন্দর সংলগ্ন এলাকায়। আপাতত তা কিছুটা কমেছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন। মেঘ ডাকছে। কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানানো হয়, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে মুখ্যমন্ত্রীর বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যাবে না। সে ক্ষেত্রে নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরে তা পাঠিয়ে দেওয়া হতে পারে। ফলে মুখ্যমন্ত্রীর বিমানের অবতরণ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু ক্ষণ ধরে আবহাওয়ার কারণে সেখানে বিমান পরিষেবা ব্যাহত হয়। ওই সময়ের মধ্যে কোনও বিমানই ওঠানামা করতে পারেনি।
আরও পড়ুন:
সূত্রের খবর, একাধিক বার মুখ্যমন্ত্রীর বিমানটি অবতরণের চেষ্টা করে। মাঝে ঝড়ের দাপট সামান্য কমেছিল। তখন কলকাতা বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল বিমানটি। কিন্তু ফের সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। বৃষ্টি আরও বেড়ে যায়। ফের বিমানটি দক্ষিণের অভিমুখে ঘুরে যায় বলে খবর। বিমানটিতে পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছিল। জ্বালানির উপরেই নির্ভর করছিল বিমানটির গতিবিধি।
ঝড়বৃষ্টির পর কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাটের পরিস্থিতি। —নিজস্ব চিত্র।
বুধবার থেকে জেলায় জেলায় ঘুরে নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে তিনি জনসভা করেন। শুক্রবার তাঁর সূচিতে আর কোনও সভা নেই। ফের সভা করবেন শনিবার থেকে। দুবরাজপুরের সভা শেষে মমতা কলকাতায় ফিরছিলেন। কিন্তু দুপুরের পর থেকে আচমকা ঝড়বৃষ্টি শুরু হয় শহরের বিস্তীর্ণ অংশে। কলকাতা বিমানবন্দর এলাকায় ক্রমে বৃষ্টির বেগ বাড়ে। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। বিমানবন্দরে নামার পর মমতার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। তার জন্য একটি অংশে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। ঝড়ের দাপটে তা ভেঙে তছনছ হয়ে গিয়েছে। শহরের সর্বত্রই বৃহস্পতিবার বিকেল থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমানের গতিবিধির উপর নজরদারি চালায় ফ্লাইট রেডার ২৪ ডট কম। সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে, কলকাতা বিমানবন্দরে নামতে না-পেরে মুখ্যমন্ত্রীর বিমান বেহালার দিকে ঘুরে গিয়েছিল। বেহালা ফ্লাইং ক্লাবে অন্তত তিন বার বিমানটি অবতরণের চেষ্টা করে। তার পর ফের বিমানবন্দরের দিকে তা ঘুরে যায়। বিমানবন্দরে নামার পর গাড়িতে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁকে কেবল হাত নাড়তে দেখা গিয়েছে। কোনও মন্তব্য করেননি।