ট্রাইবুনালের রায়ের পর ভোটার তালিকায় জুড়ল মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম। রবিবার রাতে বিবেচনাধীনদের একাদশতম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে ভোটার তালিকায় সংযোজিত হয়েছেন ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছিল। সে বিষয়ে ট্রাইবুনালে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস প্রার্থী। তাঁর আবেদনের ভিত্তিতে রবিবারই রায় দিয়েছে ট্রাইবুনাল। জানিয়েছে, মহতাবের নাম ভোটার তালিকায় জুড়তে হবে। সেই রায়ের পর রাতেই নতুন প্রকাশিত অতিরিক্ত তালিকায় ভোটার হিসাবে জুড়ে দেওয়া হল মহতাবের নাম।
এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়েছিল মহতাবের। সেই কারণে কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েও মনোনয়নপত্র জমা দিতে পারছিলেন না তিনি। অবশেষে ট্রাইবুনালে কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের রায় তাঁর পক্ষে গেল।
আরও পড়ুন:
সল্টলেকের বিজন ভবনে হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চে মহতাব আবেদন করেছিলেন। তিনি জানান, তাঁর আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সন্তানের জন্ম শংসাপত্রে তাঁর নাম ছিল মহতাব শেখ। আবেদনকারীর পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম এবং আইনজীবী গোপা বিশ্বাস সওয়াল করেন ট্রাইবুনালে। কমিশনের পক্ষে ছিলেন দিব্যা মুরুগেশন।
রবিবার ট্রাইবুনাল জানায়, আবেদনকারী এবং তাঁর বাবার নামে ‘তথ্যগত অসঙ্গতি’র কারণে নোটিস পাঠানো হয়েছিল। তবে তাঁর বাবার নামের ক্ষেত্রে ‘তথ্যগত অসঙ্গতি’ থাকলেও মহতাবের নামে কোনও সমস্যা নেই। তাই অবিলম্বে তাঁর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ দেয় ট্রাইবুনাল। রবিবার রাত ৮টার মধ্যে অতিরিক্ত তালিকায় তাঁর নাম তোলার নির্দেশ দেওয়া হয়। ট্রাইবুনালের নির্দেশ মোতাবেক এ বার পদক্ষেপ করল কমিশনও।