Advertisement
E-Paper

টিকিট না-পেয়ে জোড়াফুল ছেড়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক হাত মেলালেন হাতে, মনোনয়ন জমা কংগ্রেসের প্রতীকে

ফরাক্কায় প্রার্থী হিসেবে কংগ্রেস মোহতাব শেখের নাম ঘোষণা করলেও অতিরিক্ত ভোটার তালিকায় দেখা যায় তাঁর নাম বাদ পড়েছে। মোহতাবের পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও তাঁর নামই তালিকা থেকে বাদ পড়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০২:৩২
মনিরুল ইসলামের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার মুহূর্ত।

মনিরুল ইসলামের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার মুহূর্ত। — নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বিধানসভার রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম এ বার জোড়াফুল শিবিরের টিকিট পাননি। কংগ্রেস যাঁকে প্রার্থী করেছিল তাঁর নাম বাদ পড়েছে অতিরিক্ত ভোটার তালিকা থেকে। এই পরিস্থিতিতে ‘অভিমানী’ মনিরুল কংগ্রেসে যোগ দিয়ে ফরাক্কা বিধানসভা আসন থেকে ওই দলের টিকিটে শনিবার মনোনয়নপত্র জমা দিলেন।

ফরাক্কায় প্রার্থী হিসেবে কংগ্রেস মোহতাব শেখের নাম ঘোষণা করলেও অতিরিক্ত ভোটার তালিকায় দেখা যায় তাঁর নাম বাদ পড়েছে। মোহতাবের পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও তাঁর নামই তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মোহতাব কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের নির্দেশ, ৬ এপ্রিলের মধ্যে (মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন) ট্রাইবুনালে আবেদনের ভিত্তিতে এই প্রক্রিয়ার নিষ্পত্তি করতে হবে।

ওই দিনের মধ্যে মোহতাবের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হলে কংগ্রেসের ‘তাস’ হবেন মনিরুলই। রাজনৈতিক মহলে গুঞ্জন, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর আশ্বাসেই মনিরুলের এই পদক্ষেপ। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের প্রার্থী না হতে পারলেও ভোটের রণক্ষেত্র ছাড়বেন না মনিরুল। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি বলেন, ‘‘একটা দলের প্রয়াস চলছে। না পেলে নির্দল হিসেবেই লড়ব।” আরও বলেন, ‘‘জনগণের হয়ে কাজ করব। বাকি থাকা কাজ সম্পূর্ণ করব।’’ মনিরুলের দাবি, তিনি নিজের ইচ্ছাতে নন। জনগণের ইচ্ছাতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিদায়ী বিধায়কের ইঙ্গিতপূর্ণ বক্তব্য, ‘‘এসআইআর-এর প্রতিবাদীমুখ হতে গিয়ে কোনও লোক হয়ত আমাকে ভাল ভাবে নেয়নি।’’

Advertisement

সোমবারের আগে ফরাক্কার ‘প্রার্থী জট’ কাটছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

farakka Congress TMC Adhir Ranjan Chowhury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy