Advertisement
E-Paper

বৃহস্পতিবারই মনোনয়ন দাখিল করবেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী, পবিত্রকে সঙ্গ দিতে পাঠানো হচ্ছে রচনাকে, থাকছে না ‘বড় মুখ’

বিজেপি নন্দীগ্রামের মনোনয়ন পর্বকে যে ভাবে একটি বড় কর্মসূচির রূপ দিয়েছিল, সেই পথে হাঁটছে না রাজ্যের শাসকদল। শুধু রচনাকেই পাঠানো হচ্ছে নন্দীগ্রামের প্রার্থীর মনোনয়নে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০১:০৮
(বাঁ দিকে) তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

নন্দীগ্রাম আসনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করবেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। মনোনয়ন পর্বে তাঁর সঙ্গে থাকার জন্য রচনা বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছে তৃণমূল। এই আসনে আগেই মনোনয়ন দাখিল করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর মনোনয়ন পর্বকে দৃশ্যত এক বড় কর্মসূচিতে পরিণত করেছিল বিজেপি। নন্দীগ্রামের মনোনয়নে শুভেন্দুর সঙ্গী ছিলেন দিলীপ ঘোষ। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের এক মন্ত্রীও। তবে পবিত্রের মনোনয়নে সেই অর্থে কোনও ‘বড় মুখ’কে পাঠাচ্ছে না তৃণমূল।

বিজেপি নন্দীগ্রামের মনোনয়ন পর্বকে যে ভাবে একটি বড় কর্মসূচির রূপ দিয়েছিল, সেই পথে হাঁটছে না রাজ্যের শাসকদল। শুধু রচনাকেই পাঠানো হচ্ছে নন্দীগ্রামের প্রার্থীর মনোনয়নে। নন্দীগ্রামে বৃহস্পতিবার রচনার যে কর্মসূচি রয়েছে, সে বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় করার জন্য তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে অরুণাভ জানাকে। অরুণাভ জানিয়েছেন, বৃহস্পতিবারই মনোনয়ন দাখিল হবে। এবং সেখানে শুধু রচনাই থাকছেন। অন্য বড় কেউ আর থাকছেন না।

নন্দীগ্রামের মনোনয়ন পর্ব কোনও ‘ব্যাপক কর্মসূচি’র রূপ না দেওয়ার নেপথ্যেও রয়েছে সুচিন্তিত রাজনৈতিক পরিকল্পনা। এ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা বা জবাব দেয়নি তৃণমূল। তবে সূত্রের খবর, তৃণমূল মনে করছে নন্দীগ্রামের মতো আসনে মনোনয়ন পর্বকে কোনও বড় কর্মসূচির রূপ দিয়ে কোনও ‘লাভ’ নেই। যা করতে হবে, তা নিচু স্তরে বা বুথ স্তরে করতে হবে। পাশাপাশি, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বেশির ভাগই গ্রামীণ এলাকা। সেখানে রচনার মতো ‘মুখ’-এর আলাদা গুরুত্ব রয়েছে। তিনি অভিনেত্রী। তৃণমূলের অন্যতম তারকা মুখ। জনপ্রিয় টেলিভিশন শো পরিচালনা করেন তিনি। টেলিভিশনে রোজ দেখা যায় তাঁকে।

এই সব দিক বিবেচনা করেই রচনাকে নন্দীগ্রামে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। গ্রামীণ এলাকায় রচনার যে পরিচিতি রয়েছে, সেটিকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল।

রাজ্যের শাসকদলের এক নেতা বলেন, “গ্রামীণ এলাকার মহিলারা ধর্মেন্দ্র প্রধানের চেয়ে বেশি চেনেন রচনাকে। আমরা মনোনয়নকে সেই ভাবে ব্যাপক আকারে করতে চাইনি। যা কাজ হচ্ছে বুথ স্তরে হচ্ছে। আমাদের লড়াই বুথে।”

বৃহস্পতিবার পবিত্রের মনোনয়ন পর্বে থাকার পাশাপাশি আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে রচনার। নন্দীগ্রামের বিভিন্ন পাড়ায় বেশ কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর।

Nandigram Rachna Banerjee TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy