শরিক এবং আইএসএফের টানাপড়েনের জেরে চিড় ধরল বামেদের নির্বাচনী ঐক্যে। তাদের জন্য আসন ছাড়ার আশ্বাস দেওয়ার পরেও সেই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়ে দেওয়ায় ক্ষুব্ধ বাম শরিকদের একাংশ। এই ক্ষোভের জেরেই বাসন্তী ও খানাকুল কেন্দ্রে পৃথক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিল আরএসপি। পাশাপাশি, ভাঙড় কেন্দ্রে তারা সমর্থন করবে সিপিআই (এম-এল) মাস লাইন দলের প্রার্থীকে। ভাঙড়ে আইএসএফের প্রার্থী দলের চেয়ারম্যান তথা ওই কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দু’দিন আগেই বলেছিলেন, আরএসপি-র সঙ্গে তাঁদের সম্পূর্ণ সমঝোতা হয়েছে এবং দু’পক্ষ পরস্পরের আসনে প্রার্থী দেবে না। কিন্তু আরএসপি-র রাজ্য কমিটির তরফে বিবৃতি দিয়ে মঙ্গলবার আইএসএফের বিরুদ্ধে সরাসরি বামফ্রন্টকে ‘ব্ল্যাকমেল’ করার অভিযোগ করা হয়েছে! ওই শরিক দলের বক্তব্য, ‘তৃণমূল কংগ্রেস ও বিজেপি-বিরোধী সকল ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, সামাজিক আন্দোলনের কর্মী, সংগঠন প্রমুখদের নিয়ে বৃহত্তর এক মঞ্চের মাধ্যমে লড়াই করার কৌশল বামফ্রন্টে গৃহীত হয়েছিল’। আরএসপি-র মতে, তার পরে বামফ্রন্টের ‘বাধ্যবাধকতা’র সুযোগ কাজে লাগিয়ে সুচতুর ভাবে আইএসএফ বামফ্রন্টের সাংগঠনিক শক্তিকে ব্যবহার করে নিজেদের প্রার্থী দিয়ে চলেছে। আরএসপি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরেও বাসন্তী ও বোলপুর আসন দু’টিতে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে আরএসপি-কে লড়াই করতে দেওয়ার ব্যাপারে বামফ্রন্ট চেয়ারম্যান বা সিপিএম-সহ অন্যান্য শরিকদের নীতিগত আপত্তি না-থাকলেও তা হল না’। তাদের সংযোজন, ‘এই পরিস্থিতিতে বামপন্থী দল হিসেবে বাসন্তী, খানাকুল-সহ যে যে কেন্দ্রে সম্ভব হবে, সেই সকল কেন্দ্রে ভোট নয়, কেবল রাজনৈতিক কারণে আইএসএফ-এর বিরুদ্ধে আরএসপি প্রার্থী দেবে’। বাসন্তীতে আরএসপি প্রার্থী করছে সমর বিশ্বাসকে। খানাকুলে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি তারা। সূত্রের খবর, ঘটনাপ্রবাহে অস্বস্তিতে পড়লেও সিপিএম নেতৃত্ব আসন সমঝোতা রক্ষায় ফের চেষ্টা করতে চাইছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)