তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে রবিবার শপথ নিলেন তলপতি বিজয়। একবারের চেষ্টাতেই জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসনে জায়গা করে নিয়েছেন দক্ষিণী তারকা। আজ দেশ জুড়ে তাঁর জয়জয়কার। কিন্তু সময় তাঁর পক্ষে ছিল না বরাবর। বিজয়ের শৈশবে আর্থিক অভাবও ছিল। সেই লড়াইয়ের কথা বললেন তারকা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাবা পরিচালক এস এ চন্দ্রশেখর। পুত্রের শপথগ্রহণের অনুষ্ঠানের পরে আবেগে ভাসলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এস এ চন্দ্রশেখর জানিয়েছেন, তাঁদের জীবন একসময় খুবই কষ্টের ছিল। আর্থিক সমস্যার কারণে বহু সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের। সেই কঠিন সময়ে তিনি স্বপ্ন দেখতেন, তাঁর ছেলে এক দিন বড় মানুষ হবে এবং মানুষের জন্য কাজ করবে। সেই স্বপ্নই পূরণ হচ্ছে তাঁর।
তিনি বলেন, বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান দেখে তাঁর চোখে জল এসে যায়। কারণ, ছেলে শুধু সফল অভিনেতাই নয়। এ বার থেকে তাঁর পুত্র তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। চন্দ্রশেখর জানান, জীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও বিজয় কখনও হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং মানুষের প্রতি ভালবাসার জোরেই তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন।
আরও পড়ুন:
বিজয়ের এই সাফল্যে গর্বিত তাঁর বাবা-মা। গর্বিত বাবা সাক্ষাৎকারে বলেন, “ও আমার স্বপ্ন পূরণ করেছে। এক জন বাবা হিসাবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।” বিজয়ের বাবা আরও বলেন, “আমাদের বিয়ে হয়েছিল ১৯৭৩ সালে, বিজয়ের জন্ম ১৯৭৪-এ। তখন আমি সহ-পরিচালক হিসাবে কাজ করি। একসময় খাবারের জন্যও লড়াই করেছি। ও কিন্তু সব মনে রেখেছে।”
অভিনয়জগতে দীর্ঘ সাফল্যের পরে রাজনীতিতে এসে বিজয় অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন।