Advertisement
E-Paper

‘মগজধোলাই করা হচ্ছে ধর্মের বিরুদ্ধে, আমি পুত্রের কবরের সামনে শুধুই কাঁদি’, মাতৃদিবসে সেলিনার হাহাকার

তিনি অভিযোগ করেছেন, তাঁর সন্তানদের তাঁর কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সন্তানেরা যাতে সেলিনাকে ভুল বোঝে, সেই চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৮:২৪
মাতৃদিবসে ক্ষোভ উগরে দিলেন সেলিনা!

মাতৃদিবসে ক্ষোভ উগরে দিলেন সেলিনা! ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক মাতৃদিবস। অথচ, এই দিনেই সন্তানদের থেকে দূরে সেলিনা জেটলি। গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। সন্তানেরা কার কাছে থাকবে, তা নিয়েও জটিলতা চলছে। বর্তমানে সন্তানদের সঙ্গে দেখা না করতে পেরে ভেঙে পড়েছেন সেলিনা। তাই মাতৃদিবসে ভারাক্রান্ত মন নিয়ে লিখলেন তিনি।

সেলিনা এই দিন দাবি করেছেন, তাঁর সন্তানদের তাঁর বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে। বর্তমানে স্বামী পিটার হাগ-এর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এই কঠিন সময়ে তিনি অভিযোগ করেছেন, তাঁর সন্তানদের তাঁর কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সন্তানেরা যাতে সেলিনাকে ভুল বোঝে, সেই চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছেন অভিনেত্রী।

দীর্ঘ পোস্টে সেলিনা জানান, অস্ট্রিয়ায় স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির পর তিনি নিজের সম্মান, সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সেই সিদ্ধান্তের পর থেকেই তিনি সন্তানদের থেকে দূরে সরে গিয়েছেন।

সেলিনার এক সন্তান প্রয়াত হয়েছে। সেই প্রয়াত সন্তানকে নিয়ে কিছু দিন আগেই একটি আবেগঘন পোস্ট করেছিলেন অভিনেত্রী। রবিবারের পোস্টে সেলিনা জানান, তাঁকে তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি, আদালত থেকে যৌথ অভিভাবকত্বের নির্দেশ থাকা সত্ত্বেও সন্তানদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি তাঁকে।

সেলিনা এ-ও বলেন, “আমার সন্তানদের অজানা এক স্থানে রাখা হয়েছে। ওদের মগজধোলাই করা হচ্ছে। ওদের মায়ের বিরুদ্ধে এবং ওদের হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস নিয়েও ভুল বোঝানো হচ্ছে।”

সেলিনা ক্ষোভ উজাড় করে লিখেছেন, “আজ আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমি আমার প্রয়াত ছেলে শামশেরের কবরের পাশে বসে কাঁদি, প্রার্থনা করি এবং শক্তি সঞ্চয় করি। এটাই আমার কাছে মাতৃদিবস।”

Celina Jaitly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy